জামালপুর সদরের নারিকেলীতে প্রধান শিক্ষক ফজলুল হক নামের এক প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভে বিদ্যালয়ের শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ও বাজার এলাকায় এই বিক্ষোভ করা হয়।
এসময় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাইমা ইসলাম রুমু বলেন, ‘প্রধান শিক্ষক ফজলুল হক একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি প্রধান শিক্ষকের চেয়ারে বসে ধূমপান করেন। এছাড়াও তিনি নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতি করে বিদ্যালয়ের মান ক্ষুণ্ন করেছেন।’
দশম শ্রেণির শিক্ষার্থী শাহিদা সাবা সিনথি বলে, ‘প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি গঠনের সময় নানাভাবে অসৎ উপায়ে টাকা নিয়েছেন। আমাদের রেজিস্ট্রেশন, ভর্তি ও পরীক্ষার ফি নেওয়ার সময় বাড়তি টাকা নিয়েছেন। এমন প্রধান শিক্ষক আমরা চাই না।’
দশম শ্রেণির ছাত্রী মেঘলা বলে, ‘যে পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, সে পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম করেই যাব। আমরা ক্লাসে প্রবেশ করব। আমরা ক্লাস বর্জন করব।’
এদিকে বিক্ষোভের সময় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফজলুল হক। এ ছাড়াও বন্ধ পাওয়া যায় তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর। তিনি টানা ১০ বছরের অধিক সময় বিদ্যালয়টিতে কর্মরত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।



