পাবনা সাঁথিয়া উপজেলায় বাকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে। বাকুল আত্মসমর্পণ করা চরমপন্থি দলের সাবেক এক নেতা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান। ওসি বলেন, রাতে ঘোড়ার গাড়িতে স্থানীয় জালাল মাস্টারের ধান নিয়ে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
উল্লেখ্য, চলতি নভেম্বর মাসেই পাবনা জেলা ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এছাড়াও এ মাসেই পদ্মা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।



