৩২ বছর ধরে রাজশাহী কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন না হলেও নিয়ম ভেঙে তোলা হচ্ছে তহবিলের টাকা। সম্প্রতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের হাতে আসা একটি ব্যাংক স্টেটমেন্টে উঠে এসেছে এ তথ্য। বর্তমানে ব্যাংক হিসাবে জমা আছে এক কোটি সাড়ে ১১ লাখ টাকা। এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতের এবং টাকা উত্তোলনে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
রাজশাহী কলেজে প্রতিবছর গড়ে অন্তত ৪ হাজার ছাত্র-ছাত্রী ভর্তি হন। গত ৩২ বছর ধরে কার্যক্রমহীন ছাত্র সংসদের তহবিলে তাঁদের দিতে হয় ২৫ টাকা করে। যা জমা হয় নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে। প্রতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে জমা পড়ে অন্তত ১ লাখ টাকা।
গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধি ছাড়া এ টাকা উত্তোলনের সুযোগ নেই। তবে সম্প্রতি এক ব্যাংক স্টেটমেন্টে উঠে আসে ভিন্ন তথ্য। ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নগরীর রুপালি ব্যাংক কাজী নজরুল ইসলাম শাখার ওই স্টেটমেন্টের তথ্য বলছে, এই সময়ে অ্যাকাউন্ট থেকে ৫৯ হাজারের বেশি টাকা তোলা হয়েছে। একই সময়ে জমা হয়েছে প্রায় ছয় লাখ টাকা।
শিক্ষার্থীরা বলছেন, কলেজে ছাত্র সংসদের যে ফান্ড আছে এটিকে ছাত্রদের পেছনে সঠিকভাবে ব্যয় করা হোক। তহবিলের কী অবস্থা বা এটির যে স্বচ্ছতা নেই এবং এ ব্যাপারে যে শিক্ষার্থীদের কাছে কিছু প্রকাশ করা হয় না এটি নিয়ে শিক্ষার্থীরা বেশ উদ্বিগ্ন। এ অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয় কিনা সে বিষয়েও কর্তৃপক্ষের তেমন কোনো আলোকপাত নেই।
অধ্যক্ষ ও ছাত্র সংসদের নামে থাকা ব্যাংক হিসাব থেকে টাকা তোলার ঘটনায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেন সাবেক ছাত্র নেতারা। নির্বাচিত প্রতিনিধি ছাড়া তহবিল থেকে টাকা তোলা গঠনতন্ত্রবিরোধী।
রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাঈদ হাসান বলেন, ‘ভর্তির সময় ছাত্র সংসদ তহবিলে ছাত্র-ছাত্রীরা ফি দেয়। সেই ফি খরচের এখতিয়ার প্রশাসনের নেই।’
এদিকে টাকা তোলার বিষয়টি প্রথমে নাকচ করেন কলেজের অধ্যক্ষ। পরে বিস্তারিত খোঁজ নেওয়ার আশ্বাস দেন তিনি।
রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ ইব্রাহিম আলী বলেন, ‘সরকারি অর্থ সরকারি খাতে জমা আছে। সরকার যদি চায় তা ফেরত নিতে নিয়ে নেবে।’
রাজশাহী কলেজে ২৪টি বিভাগে বর্তমানে মোট শিক্ষার্থী ৩০ হাজার। সবশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ১৯৯৪ সালে।


