নাটোরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে স্বপন চন্দ্র নামের অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্বপন চন্দ্র বগুড়ার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধন চন্দ্রের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে নাটোর থেকে রোগী নিয়ে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অ্যাম্বুলেন্স চালক স্বপন চন্দ্র। রোগী রেখে রাজশাহী থেকে নাটোরে ফিরছিলেন তিনি। পথে অ্যাম্বুলেন্সটি নাটোরের চাঁদপুর এলাকায় পৌঁছালে নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক স্বপন চন্দ্র নিহত হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনাটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।



