নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু চাঁদ মোল্লা নামের বাইসাইকেলের চালক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে নাটোর শহরের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আবু চাঁদ মোল্লা নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর তালতলা গ্রামের নছির উদ্দিনের ছেলে বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যার্ন্টমেন্ট মাহমুদুল হাসান স্যাপার প্রাথমারি স্কলের পিয়ন পদে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে আবু চাঁদ মোল্লা তার বাইসাইকেল নিয়ে নাটোর শহরের তেবারিয়া হাটে যান। হাটের কাজ শেষ করে বাইসাইকেল চালিয়ে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামে ফিরছিলেন। পথে নাটোর শহরের পিটিআই মোড় এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নাটোরমুখি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে ঘটনার পর বাসচালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ায় বাসটি এখনো জব্দ বা বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, চালককে আটকের জন্য থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের টিম কাজ করছে। ময়নাতদন্তের পর মরদেহটি নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



