সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বাড়ছে সবগুলো নদ-নদীর পানি। বুধবার ভোর রাত থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৩ দিন ভারি এবং পরবর্তী ২ দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত হলে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। কোথাও কোথাও বিপৎসীমা স্পর্শ করার সম্ভাবনাও রয়েছে।
এতে জেলার নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে টানা বৃষ্টিতে জেলার সুরমা, জাদুকাটা, বৌলাই, রক্তিসহ বিভিন্ন নদীর পানি বাড়ছে। সকাল থেকে সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার বাড়লেও বিপৎসীমার ৭১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বন্যা নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে।



