আদালত অবমাননার দায়ে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার শুনানি শেষে ঢাকার একটি আদালত এ আদেশ দেন।
রাতভর অভিযান শেষে বনানীর বাসা থেকে আজ ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সাজেদুলকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।
প্রথমে ভবনের গেটে তালা এবং নিরাপত্তাকর্মীরা অসহযোগিতা করায় ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ। এ সময় আসামি সাজেদুলের গাড়ি চালক ও দেহরক্ষী পুলিশের সাথে উশৃঙ্খল আচরণ করতে দেখা যায়।
ওয়ারেন্ট তামিলে বাধা দেওয়ার মাধ্যমে আইন ভঙ্গ হলেও কোনো ধরনের বল প্রয়োগ করতে দেখা যায়নি পুলিশ সদস্যদের। এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতেও রাজি হননি কেউ।
আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।



