সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকায় চাঁদাদাবির অভিযোগে তালহা আহমেদ অভি নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।
আটক তালহা আহমেদ অভি শ্রীপুর (দ.) ইউনিয়নের সুলেমানপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তালহা আহমেদ অভির বিরুদ্ধে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। আজ শনিবার দুপুরে পাটলাই নদীতে একটি বাল্কহেড আটকে চাঁদা দাবি করা হলে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিকেলে সুলেমানপুর বাজার এলাকায় স্থানীয়রা তাকে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
উপজেলার শ্রীপুর (দ.) ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, ‘তালহা দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজি করে আসছে, এমন অভিযোগ আমরা পেয়েছি। তার বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে।’
স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক বলেন, ‘আমরা শুনছি পালটাই নদীতে একটা কয়লাবাহী নৌকা আটকে চাঁদাবাজি করার অভিযোগে তালহা নামের এক ছাত্রদল নেতাকে পুলিশ আটক করেছেন। এর বেশি কিছু জানা নেই।’
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু হাসনাত চৌধুরী বলেন, ‘লোকজন বলছেন সে নাকি চাঁদাবাজি করে৷ তবে, তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে মারামারির।’
এদিকে, চাঁদাদাবির বিষয়টি অস্বীকার করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ বলেন, ‘তার বিরুদ্ধে থানায় মারামারি সংক্রান্ত অভিযোগ আছে। সুলেমানপুর গ্রামের ডেন্ডু মিয়া একটি অভিযোগ দিয়েছেন। সে একজনের হাত ভেঙে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তাকে আটক করা হয়।’



