সরকারি নির্দেশনা সত্ত্বেও দেশের ৩২ শতাংশ তৈরি পোশাক কারখানা এখনও সংশোধিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে পারেনি। সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উন্নত কর্মপরিবেশ নিয়ে কাজ করা কনসোর্টিয়াম স্টিচ এই গবেষণা পরিচালনা করে। সরকার ইপিজেডের বাইরের কারখানাগুলোতে সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা এবং ভিতরের কারখানাগুলোতে ১২ হাজার ৮০০ টাকা মজুরি নির্ধারণ করে।
তবে গবেষণায় দেখা যায়, ইপিজেডের ভিতরের কারখানাগুলো তা বাস্তবায়ন করলেও বাইরের কারখানাগুলো এখনও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করেনি।
গবেষণায় আরও দেখা যায়, নতুন বেতন কাঠামে বাস্তবায়ন করা কারখানাগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও বেশিরভাগই ক্রেতা কিংবা সরকারি উৎস থেকে কোনও সহায়তা পায়নি। মোট ৩৮৫টি পোশাক কারখানা এবং ১ হাজার ১১৩ জন শ্রমিকের ওপর এই গবেষণা করা হয়।



