সরকারের চেষ্টা ও নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে তিনি এ কথা জানান।
এ সময় গভর্নর জানান, ঋণ নিতে গিয়ে এখনো নারীরা নানা প্রতিবন্ধকতায় পড়েন। নারীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তারা। এদেরই একজন শায়লা আকন্দ। এই উদ্যোক্তা জানান, ২০১০ সালে মাত্র ৪ জন সহযোগী নিয়ে ক্ষুদ্র ব্যবসা কাজ শুরু করেন তিনি। ঘরোয়া পরিবেশে বিভিন্ন খাবার তৈরি করে অনলাইনে অর্ডারের মাধ্যমে সরবরাহ করতেন গ্রাহকদের। সে-সময় ব্যাংক থেকে ঋণ পেতে অনেক ঝামেলা পোহাতে হয় তার।
শায়লা বলেন, ‘আমরা ব্যবসা যখন প্রথম শুরু করেছিলাম, ব্যাংক আমাদের সেভাবে অনেক সময় সহায়তা করেনি। কিন্তু পরে যখন চ্যালেঞ্জ করেছি যে যদি আমাদের সাপোর্ট দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা কাজটা সুন্দরভাবে এগোতে পারব।’
শায়লার মতো অনেক নারী উদ্যোক্তা বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যবসা করছেন এখন। তবে ব্যাংক থেকে ঋণ পেতে এবং পণ্য রপ্তানিতে নীতি সহায়তা আরও সহজ করার আহ্বান তাদের।
সমাবেশে আসা আরেক নারী উদ্যোক্তা বলেন, ‘একজন নারী যখন লোনের জন্য আবেদন করেন তখন কিন্তু অনেক ধকল পোহাতে হয়। আমরা হলাম এসএমই। আমাদের কতজন ফ্যাক্টরি লাইসেন্স বা কমপ্লায়েন্স করতে পারে? এটা কখনও পসিবল না।’
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, নারীদের ব্যাংক ব্যবস্থাপনা, আর্থিক জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সচেতন হতে হবে।
আহসান এইচ মনসুর বলেন, ‘একটি বিজনেস চালানোর জন্য যে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দরকার হয়, যে ধরনের এক্সপেনডিচার ম্যানেজমেন্টের দরকার হয় এগুলো সম্পর্কে জানা, বোঝা এবং কার্যকরভাবে সেটাকে প্রয়োগ করা, এটা একটা বড় চ্যালেঞ্জ।’
এসময়, মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ সঠিক অবস্থানেই আছে উল্লেখ করে তিনি জানান, ধীরে ধীরে তা কমবে, তবে সময় লাগবে।
আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা যদি একদিকে টাকা ছাপাই, আরেকদিকে বলি যে ইনফ্লেশন কমবে তা হবে না। উই হ্যাভ টু মেক অ্যা থার্ড চয়েজ। সে জায়গায় আমরা কাজ করছি। একটু সময় লাগছে কিন্তু যদি ধারাবাহিকতা রাখি পলিসিতে ৪ বা ৫ পারসেন্টে ইনফ্লেশন নামিয়ে নেওয়া অসম্ভব নয়।’
আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে আন্তর্জাতিক মানসম্পন্ন ফাইন্যান্স সিস্টেম করার কথাও জানান গভর্নর।



