জাপানে ১ লাখ শ্রমিকের চাহিদা আছে। এই বাজার ধরতে দক্ষ শ্রমিক তৈরি করার তাগিদ দিয়েছেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। আজ সোমবার সকালে রাজধানীর পিকেএসএফের কার্যালয়ে একটি প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে এসব জানান তিনি।
অর্থসচিব বলেন, কেয়ার গিভারের ক্ষেত্রে ফিলিপাইন, তাইওয়ানসহ অনেক দেশ এগিয়ে আছে। শুধু ভাষাগত সীমাবদ্ধতার কারণে পিছিয়ে আছে বাংলাদেশি কর্মীরা। কর্মীদের দক্ষ করতে পারলে শুধু শ্রম রপ্তানি নয়, অভ্যন্তরীণ চাহিদাও মেটানো যাবে।
এসময় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, উন্নত দেশে ২০৩০ সালের মধ্যে দক্ষ লোকের চাহিদা বাড়বে। সে বাজার ধরতে প্রযুক্তিগত উন্নয়ন ও প্রশিক্ষণ প্রয়োজন। এ লক্ষ্যে কাজ চলছে। প্রশিক্ষকদেরও আন্তর্জাতিকভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে।
সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ অর্থায়নের এ প্রকল্পের মেয়াদ ৩ বছর। ৬২ দশমিক ৭/৮ কোটি টাকার এ প্রকল্পের মাধ্যমে ১২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেয়া হবে। এর মধ্যে থাকবে ৩০ শতাংশ নারী। এছাড়া অগ্রাধিকার দেয়া হবে নিন্ম আয় ও প্রান্তিক জনগোষ্ঠীদের।



