পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর, এবার ৪০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের জুন মাসের মধ্যে এসব কার্ড দেওয়া হবে বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, ১৬ই আগস্ট কিশোরগঞ্জে নতুন ধাপের ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগে সবার তথ্য সংগ্রহ করা হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা উপকমিটির বৈঠক শেষে সমাজকল্যাণ মন্ত্রী আরো জানান, ফ্যামিলি কার্ডের জন্য স্বচ্ছতার সাথে সিলেকশন করা হচ্ছে। এতে সরাসরি তদারকি করছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে ভাতা পাবেন অতি দরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্তরা। মধ্য ও উচ্চবিত্তরা শুধু কার্ড পাবেন। কেউ দরিদ্র হলে ভাতা পাবেন, আবার কেউ দরিদ্র থেকে ধনী হলে নাম কাটা যাবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসব নির্ধারণ করা হবে। তবে একসাথে সরকারের দুটি ভাতা পাবেন না কেউ।



