অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ডিজি ই-পে সার্ভিসেসকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ-এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা ঝুঁকি এবং ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, গেল ২৯ অক্টোবর তাদের একটি দল ডিজি ই-পের কার্যালয়ে নিরীক্ষা চালায়। নিরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা।
এরপরই ডিজিই-পেকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসার কারণে জাতীয় নিরাপত্তার স্বার্থে ডিজি ই-পে সার্ভিসকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
তদন্ত শেষে প্রতিষ্ঠানটির লাইসেন্সের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।


