ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার এক জরুরি সভায় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝুঁকি নিরূপণ ও পরবর্তী কার্যক্রম পরিচালনার স্বার্থে সামগ্রিক ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আগামী ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আগামীকাল ২৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডীনকে আহ্বায়ক করে বুয়েটের বিশেষজ্ঞসহ একটি কমিটি গঠন করা হয়েছে, যা ভূমিকম্প-পরবর্তী বিভিন্ন ভবন পরিদর্শন ও মূল্যায়ন করে ৩ ডিসেম্বর তারিখের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। রিপোর্ট এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ৪ ডিসেম্বর আবারও সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ও উন্মুক্ত লাইব্রেরী বন্ধ থাকবে, শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। তবে অফিসগুলো খোলা থাকবে।


ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
