যানজট নিরসন এবং জ্বালানি সাশ্রয়ে মহানগরের নির্দিষ্ট কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিন দিন সরাসরি এবং তিন দিন অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহ থেকেই এটি পাইলটিং আকারে শুরু হবে।
বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী জানান, আপাতত ঢাকা মহানগরীর বড় ও যানজটপ্রবণ এলাকার রিনাউনড স্কুলগুলোতে এই পদ্ধতি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালু করা হচ্ছে।
মন্ত্রী বলেন, “এটি সবার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। যারা সক্ষমতা রাখে, সেই স্কুলগুলোকে নিয়ে আমরা এই ‘ব্লেন্ডিং এডুকেশন’ বা সমন্বিত শিক্ষা কার্যক্রম শুরু করছি।’’
মন্ত্রী আরও বলেন, ‘রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।’
সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।



