দেশে উদ্ভাবন, গবেষণা ও মেধাস্বত্ব কার্যক্রম জোরদার করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের (ডিপিডিটি) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিপিডিটির পরিচালক ড. অশোক কুমার রায়, উপপরিচালক মো. হাবিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানসহ উপাচার্য ড. এম. আর. কবির, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা শিল্প ও একাডেমিয়ার সমন্বয়ের মাধ্যমে বাস্তবমুখী এবং বাণিজ্যিকভাবে কার্যকর প্যাটেন্ট উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিল্পমুখী উদ্ভাবন বাড়াতে প্যাটেন্টের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। উপস্থাপনায় প্যাটেন্ট আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট দিকনির্দেশনাও ব্যাখ্যা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির বলেন, বাস্তবমুখী গবেষণাকে অগ্রাধিকার দেয় ফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। একটি প্যাটেন্ট অর্জনকে তিনি একাধিক গবেষণাকর্মের সমতুল্য বলে উল্লেখ করেন এবং গবেষণা ও প্যাটেন্ট কার্যক্রমে উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রণোদনার কথা তুলে ধরেন।
সমঝোতা স্মারকে ডিপিডিটির পক্ষে মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ড. এম. আর. কবির সই করেন।
এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি টিআইএসসি প্রতিষ্ঠা করা হবে। এর ফলে শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকেরা প্যাটেন্ট অনুসন্ধান, আবেদন প্রক্রিয়া এবং মেধাস্বত্ব সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পাবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ উদ্যোগ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাকে উৎসাহিত করবে এবং নতুন ধারণাকে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে। একই সঙ্গে দেশের উদ্ভাবন ও গবেষণা খাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।


