নতুন মাইলফলক স্পর্শ করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন৷ বলিউডের তাবড় তাবড় অভিনেতাকে পেছনে ফেলে আইএমডিবি’র তালিকায় শীর্ষ স্থান অর্জন করলেন তিনি। গত এক দশকে (২০১৪-২০২৪) ভারতীয় তারকা হিসেবে বিশ্বের দর্শক সবচেয়ে বেশি দেখেছেন এই অভিনেত্রীকে৷
বুধবার (২৯ মে) সর্বাধিক দেখা ১০০ ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। সেই তালিকায় শীর্ষে রয়েছেন দীপিকা ৷ তারপরেই আছেন শাহরুখ খান। তৃতীয় স্থানে ঐশ্বরিয়া রাই বচ্চন।
আইএমডিবি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছে, ‘‘আইএমডিবি’র তরফে বিশ্বব্যাপী গত দশকে সবচেয়ে বেশি দেখা ১০০ জন ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ করা হলো৷ জানুয়ারি ২০১৪ থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে আইএমডিবি এই তালিকা তৈরি করেছে। এই র্যাঙ্কিংগুলো বিশ্বব্যাপী আইএমডিবি’র ২৫০ মিলিয়নেরও বেশি মাসিক সাবস্ক্রিপশন নেওয়া দর্শকদের প্রকৃত পেজ ভিউ থেকে নির্ধারিত করা হয়।’’
উল্লেখ্য, বিগত ১০ বছরে একের পর এক সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন দীপিকা পাডুকোন। এই বছরগুলোয় তিনি এমন সিনেমায় অভিনয় করেছেন, যা বক্স অফিসে ঝড় তুলেছে৷ অসাধারণ নৈপুণ্যে নিয়েছেন প্রশংসা কুড়িয়ে। বিভিন্ন চরিত্রে দক্ষতার সঙ্গে তাঁর অভিনয় তাঁকে এনে দিয়েছে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর মুকুট।


অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং ফ্লোরে দীপিকা
