মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে ‘কাল্কি’। ইতিমধ্যে একাধিক ভারতীয় ছবির রেকর্ড ভেঙে নতুন মাইলফলক ছুঁয়েছে। দর্শকদের ‘পাখির চোখ’ এখন সিনেমাটির সিক্যুয়েলে। গল্পের চরিত্ররা মোড় নেয় কোন দিকে, সবাই রয়েছেন ঘোরে। এরইমধ্যে শোনা যাচ্ছে, দ্বিতীয় কিস্তির কাস্টিং থেকে দীপিকা পাড়ুকোনকে ছেঁটে ফেলছেন পরিচালক নাগ অশ্বিন।
পারফরম্যান্সে প্রথম পর্বেই ছক্কা হাঁকিয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও প্রভাসরা। প্রশংসায় ভাসছেন অভিনয়শিল্পীরা। কাল্কির গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভধারণ করেন দীপিকা। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তার ওপরই কাল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার।
পরিচালক নাগ অশ্বিনের সাজানো গল্প অনুযায়ী, কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কাল্কি। এরইমধ্যে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই ‘সুমতী’ চরিত্রে বাজিমাত করেছেন দীপিকা। যা দেখে দর্শকরাও অভিনেত্রীকে দিচ্ছেন ফুলমার্কস। কিন্তু এবার নতুন খবর, কাল্কি সিক্যুয়েলে থাকছেন না দীপিকা পাড়ুকোন।

কিন্তু কেন পরিচালকের এমন সিদ্ধান্ত? সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিক্যুয়েলে অভিনয় করার কথা ছিল দীপিকার। পরিচালকও তৈরি ছিলেন অভিনেত্রীকে মাতৃত্বকালীন ছুটি দেওয়ার জন্য। কিন্তু প্রথম কিস্তির এমন গগনচুম্বী সাফল্যের জেরেই সিদ্ধান্তে বদল। যত দ্রুত সম্ভব সিক্যুয়েলটি পর্দায় আনতে চাইছেন তাঁরা। দীপিকা ছাড়া দর্শকদের মাঝে কী রকম প্রভাব পড়বে সিনেমার, সেই ভবিষ্যৎ নিয়েও ভাবতে নারাজ নির্মাতারা। কারণ সিক্যুয়েলও যে বাজিমাত করবে, তাঁরা একপ্রকার নিশ্চিত। তাই কোনোমতেই দেরি সইছে না। এমন অবস্থায় দীপিকার পরিবর্তে অন্য নায়িকাকে কাস্ট করার কথা ভাবছেন সংশ্লিষ্টরা। যদিও সিনেমাটির টিম এখনও এই বিষয়ে মুখ খুলেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক নাগ অশ্বিন বলেছেন, ‘ইতিমধ্যেই ২৫-৩০ দিন দ্বিতীয় পর্বের শুটিং হয়ে গেছে। তবে এখনও পাহাড়সমান অংশ বাকি। পুরোটা নতুনভাবে ঢেলে সাজাতে হচ্ছে।’
এদিকে, মাতৃত্বের জন্যই কি তাহলে কাল্কি সিক্যুয়েল হাতছাড়া হচ্ছে দীপিকার, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? প্রশ্ন উঠছে অভিনেত্রীর অনুরাগী মহলে।


শীর্ষে দীপিকা, শাহরুখ কত নম্বরে?
বক্স অফিসে কাল্কি ঝড়
