প্রায় দীর্ঘ ৪৭ বছর পর আবারও একসঙ্গে হাজির হচ্ছেন দক্ষিণী সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। পরিচালক নেলসন দিলীপকুমারের আসন্ন ছবিতে দেখা মিলবে তাঁদের। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এসেছে নাম চূড়ান্ত না হওয়া সেই ছবির দুর্দান্ত এক প্রোমো, যা দেখে চমকে গেছেন এই দুই তারকার অনুরাগীরা।
প্রোমোতে রেট্রো-গ্যাংস্টার লুকে দেখা যায় রজনীকান্ত ও কমলকে। পরিচালক নেলসন ভয়ে-ভয়ে তখন হোটেলের এক করিডোরে এসে দাঁড়ান। যেখানে তিনি বুঝে উঠতে পারেন না, কমল হাসান নাকি রজনীকান্ত—কার ঘরে প্রথমে যাবেন! এরপরেই হাজির হন সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। তিনিও পড়েন মহা ফ্যাসাদে! কারণ তিনিও বুঝে উঠতে পারছেন না, সিনেমার সংগীতে কোন রাগ ব্যবহার করবেন! তিনি নেলসনকে বলেন, তাঁর দুই আঙুলের একটিকে ছুঁতে! অনিরুদ্ধকে এভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করার পর নেলসনও তাঁর সমস্যা সমাধানে একই কৌশল অবলম্বন করেন।
প্রকাশিত ভিডিওতে রজনীকান্ত ও কমল হাসানের স্টাইলিশ লুক অনুরাগীদের প্রশংসায় ভাসছে। দুই তারকার পরনেই ফুল স্লিভ চামড়ার জ্যাকেট। আত্মবিশ্বাসের সঙ্গে তাঁরা হেঁটে যান গ্যারেজে পার্ক করা গাড়ির দিকে। কমল হাসান চালকের আসনে বসেন এবং রজনীকান্ত তাঁর পাশে বসেন। সেখানে রীতিমতো এক টুইস্ট ফুটে উঠে! শক্তিমান এই দুই অভিনেতাই তখন পরিচালক নেলসনের দিকে তাকিয়ে প্রশ্ন রাখেন—‘নায়ক কে?’ দর্শকের জন্য এই প্রশ্নের উত্তর অবশ্য পর্দাতেই তোলা রয়েছে!
১৯৭৫ থেকে ১৯৮৫—এই দশ বছরে কমল ও রজনীকান্ত প্রায় ২১টি ছবিতে একসঙ্গে অভিনয় করেন। তালিকায় রয়েছে ‘১৬ ভায়াথিনিলে’, ‘আভাল আপাদিথান’, ‘থাপ্পু থালাঙ্গাল’, ‘থিল্লু মুল্লু’সহ অনেক জনপ্রিয় ছবি। কোথাও দুজনই মুখ্য ভূমিকায়, আবার কোথাও একজন মুখ্য, অন্যজন সহ-ভূমিকায়। শেষবার তাঁদের একসঙ্গে দেখা যায় ‘গেরাফতার’ (১৯৮৫) ছবিতে, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনও। ওই বছরের অন্যতম ব্যবসাসফল হিন্দি ছবি ছিল এটি, যেখানে তিন মহাতারকাকে একসঙ্গে দেখা যায়। এরপরই মূলত রজনীকান্ত-কমলকে একসঙ্গে আর দেখা যায়নি।
বিষয়টি তাঁরা আনুষ্ঠানিকভাবেও ঘোষণা করেছিলেন। এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, ভবিষ্যতে আর তাঁরা একসঙ্গে কাজ করবেন না। যদিও তাঁদের মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না, বরং পারস্পরিক শ্রদ্ধাই টিকে ছিল সবসময়। রজনীকান্ত একবার স্মৃতিচারণ করে বলেছিলেন, ‘থালাপথি’র শুটিংয়ের সময় একটি কঠিন দৃশ্যের জন্য তিনি কমলের পরামর্শ চেয়েছিলেন। অর্থাৎ সম্পর্ক পেশাগতভাবে আলাদা হলেও ব্যক্তিগতভাবে তিক্ত হয়নি কখনও।
এর আগে নির্মাতারা নতুন সিনেমার একটি পোস্টার প্রকাশ করেছিলেন, যার ট্যাগলাইন ছিল—‘কেউ নিয়ম তৈরি করেন, কেউ শুধু শাসন করেন।’ অন্যদিকে, নেলসন দিলীপকুমার পরিচালিত রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ঝড় তুলেছিল বক্স অফিসে। তারপর পাইপলাইনে রয়েছে দ্বিতীয় কিস্তি ‘জেলার ২’।
সূত্র: এনডিটিভি


জাইমার প্রশংসায় বাঁধন-তিশা
