চলচ্চিত্রপ্রেমীদের জন্য তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘সবার জন্য সিনেমা, সবার জন্য শিল্প ও সংস্কৃতি’ স্লোগানে আয়োজিত এই উৎসবে বড় পর্দায় বিনামূল্যে দেখানো হবে ছয়টি প্রশংসিত বাংলাদেশি চলচ্চিত্র। এর মধ্যে নুতন সিনেমা রয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ নুরুজ্জামানের ‘মাস্তুল’ এবং আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’।
একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে ‘চলচিত্র উৎসব: একল শেকল’ শীর্ষক এই আয়োজন শুরু হবে আগামী ৯ আগস্ট। তিন দিনের উৎসব চলবে ১১ আগস্ট পর্যন্ত। প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারি অডিটোরিয়ামে।
উৎসবের প্রথম দিন ৯ আগস্ট বিকেল ৫টায় উদ্বোধনী আয়োজনের পর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। এরপর রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।
১০ আগস্ট দ্বিতীয় দিনে বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হো’। রাত ৮টায় দর্শক দেখতে পাবেন মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মাস্তুল’।
উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’। এরপর রাত ৮টায় আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই চলচ্চিত্র উৎসব।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের সব প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে সিনেমাগুলো বড় পর্দায় দেখার সুযোগ থাকছে।


চলে গেলেন মেসির বাবা জর্জ
