মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ, তাঁদের তিন বছরের মেয়ে এবং বাড়ির ২১ বছর বয়সী এক পরিচারিকা।
মঙ্গলবারের এই ঘটনায় বাড়ি থেকে ছয় বছরের আরেকটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে পরিবারের পোষা কুকুরটিকে পাওয়া গেছে বাঁধা অবস্থায়।
হোনাতান একটি ব্যান্ডের কিবোর্ডবাদক ছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোকবার্তায় ব্যান্ড জানিয়েছে, তাঁকে চিরদিন ভালোবাসা আর কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখা হবে।
পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য — নিহতদের তিনজনকে মাথায় ও একজনকে পিঠে গুলি করা হয়েছিল। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের একজন নিহতদের একজনের ব্যবসায়িক অংশীদার বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিশ্বাসের সম্পর্কের সুযোগ নিয়েই খুনি বাড়িতে ঢোকার পথ তৈরি করেছিল। ঘটনার নেপথ্য কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।



