সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় গাজার রাফার একটি শরণার্থী শিবিরে শিশুসহ অন্তত ৪৫ জন মারা গেছেন। ইসরায়েলের এমন অমানবিক বোমা হামলার প্রতিবাদে হলিউড-বলিউড তারকাদের অনেকে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা। গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ‘অল আইজ অন রাফা’ হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে সেটি শেয়ার করে ডুয়া লিপা লিখেছেন, ‘শিশুদের জীবিত পোড়ানো কখনোই ন্যায়সংগত হতে পারে না। ইসরায়েলি গণহত্যা বন্ধে গোটা বিশ্ব একত্রিত হচ্ছে। গাজার সঙ্গে আপনার সংহতি প্রকাশ করুন।’
এর আগে গত জানুয়ারিতেও যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন ডুয়া লিপা। কসোভো বংশোদ্ভূত এ গায়িকার জন্ম লন্ডনে। ২০০৮ সালে কসোভা স্বাধীনতা লাভ করলে নিজ দেশে চলে আসেন তিনি।

নিজ দেশের যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে এই পপতারকা বলেছিলেন, ‘কসোভোতে থাকার সময় যুদ্ধের ভয়াবহতা দেখে মনে হয়েছিল, কেউই আসলে তার নিজের বাড়ি ছেড়ে যেতে চায় না। তারা এটি করে সুরক্ষার জন্য, তাদের পরিবারকে বাঁচানোর জন্য, তাদের চারপাশের লোকদের দেখাশোনা করার জন্য এবং একটি সুরক্ষিত জীবনের জন্য। আমি এই পরিস্থিতির খুব কাছ দিয়ে গিয়েছি, তাই আমি এটি সহজে উপলব্ধি করতে পারি।’
প্রসঙ্গত, রোববার (২৬ মে) রাফার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা হয়। এই ঘটনায় বৈশ্বিক চাপের মধ্যে পড়লেও গাজায় হামাস নির্মূলের নামে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু।
এ অবস্থায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাট, কারিনা কাপুর, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, ফাতিমা সানা শেখ, সামান্থা প্রভু, দিয়া মির্জা প্রমুখ।


ফিলিস্তিনের সাধারণ মানুষের পাশে অ্যাঞ্জেলিনা জোলি
আবারও গাজায় যুদ্ধবিরতি চেয়ে হলিউড তারকাদের খোলা চিঠি
