একসময় ‘ওয়ারফেজ’ ব্যান্ডে ছিলেন একসঙ্গে। তারপর জীবনের তাগিদে ব্যান্ড থেকে দুজনেরই দূরে সরে যাওয়া। তবে আবারও একসঙ্গে ফিরলেন মিজান রহমান-অনি হাসান। তাঁদের নতুন গান ‘তোমাকে ছাড়া’। এটি লিখেছেন নন্দিত গীতিকার লতিফুল ইসলাম শিবলী।
সম্প্রতি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি। এতে ফুটে উঠেছে সন্তানের প্রতি বাবা-মায়ের অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি।
মিউজিক ভিডিও আকারে প্রকাশিত এ গানে বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পলাশ মৃধা ও সায়মা আহমেদ। সন্তানের ভূমিকায় রয়েছেন মঞ্জুরুল রিফাত ও তাওহীদুল ইসলাম তাঈফ। নেক্সট ভেঞ্চার্সের ব্যানারে প্রকাশিত এই ভিডিও পরিচালনা করেছেন রাকিব খান।
গানটি প্রসঙ্গে সামাজিকমাধ্যমে গীতিকবি শিবলী লিখেছেন, ‘গান লেখা হয় না বহুদিন। ছোট ভাই এবং ট্যালেন্টেড মিউজিশিয়ান অনি হাসান চীন থেকে একটা গানের মিউজিক ট্র্যাক করে পাঠালে সেটা শুনে এতই ভালো লেগে যায় যে গানটা লিখেই ফেললাম।’
তিনি আরও বলেন, ‘প্রিয় ভোকাল মিজানের অসাধারণ কণ্ঠে গানটা এক নতুন মাত্রা পেয়েছে। আমি ওয়ারফেজের জন্য কখনো কোনো গান না লিখলেও দুই এক্স ওয়ারফেজের সঙ্গে এত বছর পর এসে এ গানটি আমাকে সত্যিই একটা নতুন রক গান শোনার তৃপ্তি দিয়েছে।’
গানটির লিরিক প্রসঙ্গে এই গীতিকবির ভাষ্য, ‘গানের বিষয় হিসেবে বাবা এবং মাকে নিয়ে আলাদা অনেক গান হয়েছে, কিন্তু আমার জানামতে দুজনকে একত্রে কোনো গানে সম্ভবত আমরা পাইনি। আমাদের বাবা-মাকে উৎসর্গকৃত গানটি প্রকাশ করলাম।’
প্রসঙ্গত, গত মে মাসে দেশে এসেছিলেন গিটারিস্ট অনি হাসান। তখন ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’-এ একসঙ্গে মঞ্চ মাতিয়েছেন অনি-মিজান। এছাড়া ‘গিটার ক্লিনিক উইথ অনি হাসান’ নামের এক অনুষ্ঠানেও গান পরিবেশন করেছিলেন এই সংগীত জুটি।


নানা সুরে এবারের উৎসব
নানা সুরে এবারের উৎসব
