কিছু কিছু গান শ্রোতাদের আঁকড়ে ধরে। সম্প্রতি ইয়ামাহা মিউজিক স্টেশনে প্রকাশিত তরুণ গায়ক বিসর্গ কল্লোলের ‘তবু আসোনি তুমি’ গানটি ঠিক তেমনই! আরও রয়েছে মাহিন হোসাইনের ‘আদর’, সৈয়দা মুনিয়ার ‘এখনও ভালোবাসি’, মাতুর মান্নানের ‘এসব কিছু’ ও এরাইজ ব্যান্ডের ‘প্রতিস্থাপন’। ইউটিউবে এ গানগুলোর মন্তব্যঘর এখন ভরে উঠছে অগণিত শ্রোতার ভালোবাসায়, প্রশংসায়।
জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে ইয়ামাহা মোটরসাইকেলের পৃষ্ঠপোষকতায় হয় ‘লেট দ্য ওয়ার্ল্ড হিয়ার ইউ’ নামের একটি সংগীত প্রতিযোগিতা। এর প্রধান বৈশিষ্ট্য ছিল উঠতি শিল্পীদের গাওয়া মৌলিক গানগুলো থেকে সেরাদের বের করে আনা।
এবার সেই প্রতিযোগিতার সেরা ৬টি গান একে একে সামনে আনছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা, যার পঞ্চম গান তবু আসোনি তুমি। শেষটি আসবে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, যা গেয়েছেন রাঙামাটির সন্তান প্রত্যয়।

এদিকে, টাঙ্গাইলের মির্জাপুর কহেলা গ্রামের সন্তান তবু আসোনি তুমি’র গায়ক বিসর্গ কল্লোল। ঢাকা কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক শেষে মাস্টার্সে পড়ছেন তিনি।
এই তরুণ গায়ক জানান, ২০২১ সালের এক বৃষ্টিমুখর রাতে হঠাৎ করেই তিনি গানটি লেখেন। প্রথমে সুর মাথায় আসে, এরপর লিরিক সংযোজন করেন। পরে গানটির একটি ডেমো ভার্সন ফেসবুক ও ইউটিউবে আপলোড করলে, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে। এমনকি ওপার বাংলা কলকাতার অনেকেই গানটির প্রশংসা করেন।
ডেমো ভার্সন প্রকাশের বছরখানেক পর ইয়ামাহা প্রতিযোগিতায় অংশ নেন বিসর্গ কল্লোল। প্রথমে আত্মবিশ্বাস কম থাকলেও এলাকার এক ছোটভাইয়ের জোরাজুরিতে গানটি সাবমিট করেন তিনি। ১০-১২ দিন পর ইয়ামাহা মিউজিক থেকে ফোন আসে—গানটি নির্বাচিত হয়েছে।
সেই ধারাবাহিকতায় এবার মিউজিক ভিডিও আকারে প্রকাশ পায় তবু আসোনি তুমি। গানটির সঙ্গে বাস্তব জীবনের আবেগ মিশে রয়েছে। সেই গল্প শোনা যাক বিসর্গ কল্লোলের কথায়—‘আমার একটা রিলেশন (সম্পর্ক) ছিল। ওই সময়ে প্রায়ই দেখা যেত যে আমাদের মধ্যে হয়তো কোনো ঝামেলা হয়েছে, তখন সে আমাকে ব্লক করে দিচ্ছে, ইগনোর করছে—অর্থাৎ বিচ্ছেদে যেমন কিছু ব্যাপার থাকে! শুধু সেই সময়ে না, এমন প্রতিটি বিয়োগান্তক মুহূর্তে একটা করে গান তৈরি হয়েছে আমার। সেই বিষাদের ব্যাপার থেকেই এই গানটা একরাতের ভেতর রচিত হয়েছে। ওই রাতে খুব বৃষ্টি ছিল, তখন আমার এত দুঃখ-কষ্ট হচ্ছিল—যে কারণে কিছুক্ষণের মধ্যেই গানটার সুর আর লিরিক হয়ে যায়।’

এদিকে, এখনও ভালোবাসি গানটি লিখে ২০২২ সালে প্রথমবার প্রকাশ করেছিলেন সৈয়দা মুনিয়া। এবার সেটি ইয়ামাহার মাধ্যমে আরও দুর্দান্ত রূপে প্রকাশ্যে এল। এই গানটিও শ্রোতারে বেশ পছন্দ করছেন।
ইনডিপেনডেন্ট ডিজিটালকে মুনিয়া বলেন, ‘২০২২ সালে গানটা যখন লিখেছিলাম, তখন এভাবে যে কোথাও প্রকাশ পাবে—এমন কোনো আশা বা পরিকল্পনা কিছুই ছিল না। সেই দিক থেকে, এখন ২০২৫ সালে এসে আমার ২০২২ সালের ভার্সনটা অবাক হয়ে যাবে যে এমন একটা ব্যাপার ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘ইয়ামাহার মতো একটি ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন বা কাজ করা—এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। খুবই ভালো লেগেছে যে, আরও অনেক অংশগ্রহণকারীর মধ্য থেকে তাঁরা আমার গানটা বেছে নিয়েছেন। এটাই আসলে খুব ভালোলাগার ব্যাপার। এখন শ্রোতারা পছন্দ করছেন, নিঃসন্দেহে তা আরও ভালোলাগার।’
জানা যায়, নির্বাচিত ৬টি গানের সংগীতায়োজন করেছেন জাহিন রশিদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছে রয়বক্স প্রোডাকশন। যেগুলো প্রযোজনা করেছে ইয়ামাহা মোটরস।
প্রতিযোগিতাটি নিয়ে ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার বলেন, ‘তরুণ গায়ক যাঁরা নিজেদের মৌলিক গান প্রকাশ করতে পারছেন না, কারণ একটা গান তৈরি হতে অনেকগুলো ধাপ পাড়ি দিতে হয়, এর মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ আছে—তাঁদের জন্য আমাদের প্রতিযোগিতাটি একটি চমৎকার প্ল্যাটফর্ম। যেখানে আমরা নির্বাচিত গানগুলোর সংগীতায়োজন থেকে শুরু করে মিউজিক ভিডিও পর্যন্ত সব ধরনের সহযোগিতা করে থাকি। আগামীতে ইয়ামাহার এই প্রতিযোগিতা আরও বড় আয়োজনে করার পরিকল্পনা রয়েছে আমাদের। দেশে পরবর্তী বড় একটা মিউজিক লেবেল ইয়ামাহা তৈরি করতে যাওয়ার যে উদ্যোগ, তারই প্রথম পদক্ষেপ এটা।’


নতুন গানে ফিরছে কোক স্টুডিও বাংলা
