রকসংগীতপ্রেমীদের কাছে ব্যান্ড আর্টসেল বলতেই লিংকন ডি’কস্তা। ‘পথচলা’, ‘ধূসর সময়’ কিংবা ‘দুঃখবিলাস’-এর মতো অসাধরাণ সব গানের ভোকাল তিনি, একইসঙ্গে গিটারেও ঝড় তুলেছেন। গত ২৭ বছর ধরে এভাবেই তিনি ফ্রন্টম্যান হিসেবে ব্যান্ডটির হাল ধরে রেখেছিলেন। তবে এবার ব্যক্তিগত কারণে সাময়িকভাবে বিরতিতে যাচ্ছেন এই শিল্পী। তবে আর্টসেল আর্মি তথা ভক্তদের জন্য স্টেজ পারফরম্যান্স সচল রাখছে ব্যান্ডটি। লিংকনের বিরতিকালীন সময়ে মঞ্চে দেখা যাবে সংগীতশিল্পী বখতিয়ার হোসাইনকে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
বর্তমানে কানাডায় অবস্থান করছেন লিংকন। দীর্ঘ ২৭ বছরের সংগীতজীবনে এবারই প্রথম আর্টসেলের নিয়মিত কার্যক্রম থেকে তিনি দূরে রয়েছেন। ভিডিও বার্তায় এই রকস্টার বলেন, ‘আমার জীবনে এই প্রথম ব্যান্ডের সবাইকে এবং ফ্যানদের ছেড়ে দেশের বাইরে এতদিন থাকা। গত ২৭ বছরে আমি কখনও আর্টসেলের ক্লাসে অনুপস্থিত থাকিনি। কিন্তু জীবনের চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে, যা এড়ানো যায় না। এটা সময়ের দাবি।’
লিংকন জানান, ব্যক্তিগত কারণেই তাঁকে আরও কিছুদিন দেশের বাইরে থাকতে হবে। তবে এটি বিদায় নয়, সাময়িক বিরতি। তাঁর ভাষ্য, ‘ছোট একটা বিরতি নিচ্ছি, তবে ফিরে আসব।’

ব্যান্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করেই নিজের অনুপস্থিতিতে নতুন ভোকাল নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান লিংকন। তিনি মনে করেন, ব্যক্তি নয়, প্রতিষ্ঠানের অস্তিত্বই বড়। ফলে তাঁর অনুপস্থিতিতে যেন আর্টসেলের পথচলা থেমে না যায় এবং ভক্তরা যেন কনসার্ট থেকে বঞ্চিত না হন—সে কারণেই এই সিদ্ধান্ত।
লিংকনের বিরতিকালীন সময়ে মঞ্চে আর্টসেলের গান পরিবেশন করবেন বখতিয়ার হোসাইন। এর আগে তিনি রকব্যান্ড ‘বে অব বেঙ্গল’র ভোকালিস্ট হিসেবে পরিচিত ছিলেন। তবে চলতি বছরের জানুয়ারিতে ব্যান্ডটি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ান বখতিয়ার। তাঁকে নিয়ে লিংকন বলেন, ‘বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ ও লিগ্যাসিটা বোঝে।’
পাশাপাশি আর্টসেল আর্মিদের কাছে একটি বিশেষ অনুরোধও জানিয়েছেন তিনি। বললেন, ‘কাউকে কারও সঙ্গে তুলনা করবেন না। বখতিয়ার যখন স্টেজে গাইবে, তখন তার ব্যক্তিগত যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসবেন। আমি দূরে থাকলেও সবসময় আর্টসেলের সঙ্গেই আছি।’

আর্টসেলের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘কখনোই লিংকনকে ছাড়া কিছু চিন্তা করিনি। গত ছয়-সাত মাস আমরা স্টেজ শো করছি না। কিন্তু ফ্যানদেরও তো আমাদের প্রয়োজন আছে। জীবনের প্রয়োজনে অনেক সময় কিছু সিদ্ধান্ত নিতে হয়।’
গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল জানান, লিংকন নিজেই চেয়েছিলেন, ব্যান্ডের কার্যক্রম যেন তাঁর অনুপস্থিতিতে স্থবির হয়ে না পড়ে। জুয়েল বলেন, ‘আমাদের এমন একজনকে প্রয়োজন ছিল, যে শুধু গান গাইবে না; আর্টসেলের ২৭ বছরের আবেগ ও দর্শনও ধারণ করতে পারবে। সেই কারণেই বখতিয়ারকে বেছে নেওয়া হয়েছে।’
এদিকে, নতুন দায়িত্ব পেয়ে আবেগাপ্লুত বখতিয়ার। তিনি বলেন, ‘আর্টসেল একটি লিগ্যাসি। লিংকন ভাইয়ের জায়গা নেওয়ার ধৃষ্টতা আমার নেই। তবে আমার সংগীতজীবনে আর্টসেল সবসময়ই আবেগের একটি জায়গা ছিল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
প্রসঙ্গত, ১৯৯৯ সালে যাত্রা শুরু করে আর্টসেল। ২০০২ সালে প্রকাশ পায় প্রথম একক অ্যালবাম ‘অন্য সময়’। ২০০৬ সালে প্রকাশিত হয় তাঁদের দ্বিতীয় অ্যালবাম ‘অনিকেত প্রান্তর’। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে সবশেষ প্রকাশ পেয়েছে ব্যান্ডটির তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’। এ ছাড়াও বিভিন্ন মিক্সড অ্যালবামে জায়গা করে নিয়েছে তাঁদের গান। দীর্ঘ দুই দশকের বেশি সময়ে অসংখ্য হৃদয়-ছোঁয়া গান শ্রোতাদের উপহার দিয়েছেন তাঁরা।


সঞ্জয় লীলার শুটিং সেটে মৃত্যু, বিপাকে নির্মাতা
