পুরো দুনিয়া ছারখার করে দেওয়ার পরের গল্প

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম

এলেভ্যাশন সিনেমার দৃশ্যে অ্যান্থনি ম্যাকি। ছবি: সংগৃহীত

সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর সিনেমা নানা ধরনের হয়। কিছু কিছু আছে, যেগুলোতে ভিএফএক্সের কারিকুরিতে চোখ ধাঁধিয়ে যায়। সায়েন্স ফিকশন মানেই যেন ভরপুর ভিএফএক্স। তবে ইদানিং এই প্রচলিত ধারণায় পরিবর্তন আসছে। আজকের দুনিয়ার অন্য রূপ তুলে আনতে প্রতি বছরই এমন কিছু সাই-ফাই মুভি তৈরি হয়, যেগুলোতে গ্রাফিক্স বা ইফেক্টসের জৌলুস থাকে কম। বরং মানুষের মানবিক সংকট ও গল্পগুলোকেই তুলে আনার চেষ্টা হয় বেশি।

এমনই একটি সাই-ফাই মুভি হলো ‘এলেভ্যাশন’। চলতি বছরের নভেম্বরের শুরুর দিকে হলিউডের এই সিনেমা মুক্তি পায়। বর্তমানে সিনেমাটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে দেখা যাচ্ছে।

পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক ঘরানার সিনেমা ‘এলেভ্যাশন’ পরিচালনা করেছেন জর্জ নোলফি। চিত্রনাট্য লিখেছেন জন গ্লেন, জ্যাকব রোমান ও কেনি রায়ান। অভিনয়ে আছেন অ্যান্থনি ম্যাকি, ম্যাডি হ্যাসন, মোরেনা বাখারি প্রমুখ।

রিপারস নামের এক অচেনা প্রাণির আক্রমণে সারা পৃথিবী ছারখার! ছবি: সংগৃহীত

গল্পের জায়গায় আসা যাক এখন। এমন এক সময়ের গল্প বলা হয়েছে এই সিনেমায়, যখন রিপারস নামের রহস্যময় এক অচেনা প্রাণির আক্রমণে সারা পৃথিবী ছারখার হয়ে গেছে। এই প্রাণিগুলো হুট করেই একদিন সিংকহোল দিয়ে আবির্ভূত হয়েছিল। এরপর একের পর এক আক্রমণে কোটি কোটি মানুষকে মেরে ফেলে। অবস্থা এতটাই খারাপ হয় যে, মানবসভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ে। প্রাণিগুলোর হাত থেকে বাঁচার উপায় একটাই। তা হলো, ৮ হাজার ফুট বা তার বেশি উচ্চতায় থাকা। একমাত্র এই উচ্চতাতেই উঠতে পারে না এসব প্রাণি। আর তাই অল্প যে কিছু মানুষ বেঁচে ছিল, তারা ছোট ছোট সম্প্রদায় গঠন করে পাহাড়ি উপত্যকায় (অবশ্যই ৮ হাজার ফুট বা তার বেশি উচ্চতায়) বাসা বাঁধে। এভাবেই প্রাণ বাঁচায় অল্পসংখ্যক মানুষ। ওদিকে সারা পৃথিবীতে চষে বেড়াতে থাকে রিপারস নামের ভয়ংকর প্রাণিগুলো। আরও অদ্ভুত বিষয় হলো, নাগালে পেলেই মানুষ মারে এসব প্রাণি। কিন্তু প্রাণে মারলেও মানুষ এগুলোর খাদ্য নয়! অর্থাৎ, অ্যাপেক্স প্রিডেটর হলেও রিপারসদের খাদ্যচক্রে মানুষের স্থান নেই। তাহলে সেগুলো কেন হত্যাযজ্ঞ চালাচ্ছে?

এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয় সিনেমার শেষ দিকে এসে। তবে তার আগেই চলে আসে আরেক প্রাণঘাতী সংকট। পাহাড়ি উপত্যকায় উঠে প্রাণ বাঁচানো উইল তার ছেলেকে নিয়ে বিপদে পড়ে। ছেলের অসুস্থতার কারণে কিছু ওষুধের ব্যবস্থা তাকে করতেই হবে। নইলে হারাতে হতে পারে ছেলেকে। স্ত্রীর মৃত্যুর পর ছেলেই একমাত্র অবলম্বন উইলের। আর সেজন্য ছেলেকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করতেও পিছপা হয় না উইল। উদ্যোগ নেয় রিপারস দিয়ে ভরা অঞ্চলে নেমে ওষুধ সংগ্রহের। তার সঙ্গী হয় নিনা ও কেটি। আর সেই রোমাঞ্চকর অভিযান নিয়েই এগোয় ‘এলেভ্যাশন’-এর কাহিনী। সেই অভিযানের পদে পদে জীবন হারানোর শঙ্কা। কারণ ৮ হাজার ফুটের নিচে নামলেই হত্যা করতে তেড়ে আসে রিপারস। এদের বুলেট বা বোমা দিয়ে মারা যায় না। চলতে হয় লুকিয়ে, গা বাঁচিয়ে।

সিনেমাটির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

সিনেমার পর্দায় বেশির ভাগ সময়ই একেবারেই বাস্তব পৃথিবীকে দেখানো হয়েছে। আমরা প্রতিদিন যেমন রাস্তাঘাট, যেমন পৃথিবী দেখি, ঠিক তেমনটাই। শুধু সেখানে মানুষের অভাব। ধু ধু করে বিরান ভূমি। আর ভয় হয়, কখন এসে পড়ে রিপারস! ফলে সাই-ফাই বলতেই ভিএফএক্সে অভ্যস্ত চোখের জন্য অন্যরকম অভিজ্ঞতা মেলে। বিশ্বাসযোগ্যও অবশ্য। আর অভিনয়ের দিক থেকে বললে, অ্যান্থনি ম্যাকি ভালো নৈপুণ্য দেখিয়েছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন ম্যাডি হ্যাসন ও মোরেনা বাখারি।

সমস্যা হলো, ‘এলেভ্যাশন’-এর কাহিনী আসলে হলিউডের আর ১০টা সাই-ফাই মুভির মতোই। চমকে ওঠার মতো তেমন কিছু নেই। সিনেমার শেষের দিকে যে সত্য উদঘাটিত হয়, সেটিও সায়েন্স ফিকশনে অভ্যস্ত যেকোনো দর্শক আগেভাগেই অনুমান করতে পারবেন। অবশ্য এই সিনেমার সিক্যুয়েল নিয়ে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে তাতেও যে রহস্যের গন্ধ পাওয়া যায়, সেটিও অনুমানযোগ্য।

সুতরাং, ‘এলেভ্যাশন’ আদতে একটি অ্যাভারেজ সাই-ফাই সিনেমা। কাহিনীতে টুইস্ট কম, রহস্যও কম। তবে হ্যাঁ, কেবলই অলস সময় কাটাতে চাইলে দেখা যেতে পারে। চমকে হয়তো যাবেন না, কিন্তু একেবারে মুখ বেঁকিয়ে বলেও দিতে পারবেন না যে—‘বাজে সিনেমা’! তাই হাতে অঢেল সময় থাকলে দেখতেও পারেন ‘এলেভ্যাশন’।

রেটিং: ৩.৮০ / ৫.০০

পরিচালক: জর্জ নোলফি
চিত্রনাট্য: জন গ্লেন, জ্যাকব রোমান ও কেনি রায়ান
অভিনয়শিল্পী: অ্যান্থনি ম্যাকি, ম্যাডি হ্যাসন, মোরেনা বাখারি প্রমুখ
ভাষা: ইংরেজি
ধরন: সাই-ফাই, থ্রিলার, অ্যাকশন
মুক্তি: ৮ নভেম্বর ২০২৪

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে যেমন চাপে আছে বৈশ্বিক অর্থনীতি, তেমনি এর সরাসরি প্রভাব পড়ছে খোদ ইরানের অর্থনীতিতেও। বিপাকে আছে দেশটির উপকূলীয় শহর বন্দর আব্বাসের মাছ ব্যবসায়ীরা।...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রোগী ও স্বজনরা। নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতাজুড়ে...
দুই বছরেও লুটের ১৩শর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারাগার থেকে পালানো প্রায় সাতশ বন্দিও এখন পর্যন্ত অধরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে লুটের অস্ত্র ও পলাতক আসামিদের সম্পৃক্ততায়...
মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর