ওষুধের দাম নির্ধারণে সরকারের নিয়ন্ত্রণ না থাকা এবং অতি প্রয়োজনীয় ওষুধ নীতি বাতিল করা জনবিরোধী। শনিবার ওষুধের দাম নিয়ে পিপিআরসি’র আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন আলোচকরা।
তারা বলেন, চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই তৈরি হচ্ছে। ১৯৮২ সালে তৈরি ওষুধ নীতির ফলেই একটি শক্ত ভিত গড়ে উঠেছে।
এসময় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দাবি করেন, দামের ওপর ওষুধের মান নির্ভর করে। তাই বাজার প্রতিযোগিতার মাধ্যমে দাম নির্ধারণ করাই যৌক্তিক। তবে আলোচকরা মনে করেন, দাম নির্ধারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর একক নিয়ন্ত্রণ জনবিরোধী।
তারা বলেন, চিকিৎসা খরচের ৬০ শতাংশই হয় ওষুধের জন্য। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য এই খরচ বহন করা কঠিন।
পিপিআরসি’র চেয়ারম্যান জিল্লুর রহমান মনে করেন, সরকার গুরুত্বপূর্ণ বেশ কিছু রোগের নির্দিষ্ট কিছু ওষুধ ক্রয় করে সেগুলো স্বল্পমূল্যে বা বিনামূল্যে রোগীদের দেওয়ার ব্যবস্থা করতে পারে।



