চায়ের কাপের পাশে একটু ব্যতিক্রম কিছু চাই? প্রতিদিনের সিঙ্গারা-চপ-স্যান্ডউইচের বাইরে নতুন স্বাদ খুঁজছেন? তাহলে আজকের বিকেলের নাশতায় থাকুক একদম অন্যরকম এক আয়োজন, আলফ্রেডো টরটেলিনি।
ইতালিয়ান ঘরানায় তৈরি এই ডিশে রয়েছে পাস্তার খোলসে ভরা ঝালমশলাদার কিমা। আর তার ওপরে ঢেলে দেওয়া হয়েছে মাখন, রসুন, ক্রিম আর মাশরুম দিয়ে তৈরি ক্রিমি আলফ্রেডো সস। হালকা গরম গরম পরিবেশন করলে, এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সাথেই এই টরটেলিনি আপনার বিকেলকে করে তুলবে উৎসবমুখর।
চেনা স্বাদের বাইরে যেতে চাইলে আজই ট্রাই করুন এই ক্লাসি অথচ ঘরোয়া রেসিপিটি।
যা যা লাগবে
ফিলিংয়ের জন্য তেল ১-২ টেবিল চামচ, মুরগির কিমা ২৫০ গ্রাম, সয়া সস ৩/৪ কাপ, পিঙ্ক সল্ট ১/৪ চা-চামচ (স্বাদমতো), ব্ল্যাক পেপার ১ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ এবং পেঁয়াজ পাতা কুচি ১ কাপ। খামিরের জন্য লাগবে ময়দা দেড় কাপ, লবণ ১/২ চা-চামচ, তেল ২ টেবিল চামচ এবং পানি ১ কাপ (প্রয়োজনে কম-বেশি)।
আলফ্রেডো সসের জন্য লাগবে বাটার ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ চা-চামচ, মাশরুম স্লাইস ১/৪ কাপ, হেভি ক্রিম ৩০০ মিলি, দুধ ২০০ মিলি, লাল মরিচের গুঁড়া ১/৪ চা-চামচ, হোয়াইট পেপার ১/৪ চা-চামচ, লবণ স্বাদমতো, ব্ল্যাক পেপার ১/২ চা-চামচ এবং চিকেন স্টক ১/৪ কাপ। আর টপিংয়ের জন্য লাগবে লাল মরিচের গুড়া ও শুকনো অরেগানো।
যেভাবে বানাবেন
প্রথমে ফিলিং তৈরির পালা। একটি প্যানে তেল গরম করে দিন কিমা। রং বদলানো শুরু করলে যোগ করুন সয়া সস, লবণ, ব্ল্যাক পেপার ও লাল মরিচ গুঁড়া। হাই আঁচে রান্না করুন যতক্ষণ না শুকিয়ে যায়। এরপর দিন পেঁয়াজ কুচি, আরও একটু নেড়ে ঠান্ডা করুন। এরপর হারা পেঁয়াজ মিশিয়ে ফিলিং তৈরি।
তারপর খামির তৈরি করতে হবে। আর টরটেলিনি বানাতে হবে। তার জন্য ময়দা, লবণ ও তেল মিশিয়ে পানি দিয়ে নরম খামির বানান। ১৫-২০ মিনিট ঢেকে রাখুন। এরপর আবার মথে তিন ভাগে ভাগ করে এক ভাগ রুটির মতো পাতলা করে বেলে ৩ ইঞ্চি গোল আকারে কাটুন। প্রতিটিতে ফিলিং দিয়ে ভাঁজ করে টরটেলিনির আকৃতি দিন।
গ্রিজ করা বেকিং পেপার বিছিয়ে বাঁশের স্টিমারে ৫–৬টি টরটেলিনি দিন। ফুটন্ত পানির ওপর বসিয়ে ঢেকে দিন ও ৭–৮ মিনিট অল্প আঁচে স্টিম করুন। চাইলে শুকনো ময়দায় ডুবিয়ে ২–৩ সপ্তাহ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে সরাসরি স্টিম করুন, ডিফ্রস্ট না করে।
কীভাবে বানাবেন আলফ্রেডো সস?
মাখন গলিয়ে রসুন দিন, হালকা সোনালি হলে মাশরুম দিয়ে এক মিনিট ভাজুন। চুলা বন্ধ করে ক্রিম দিন, মিশিয়ে আবার চালু করে ধীরে ধীরে দুধ দিন। তারপর সব মসলা ও চিকেন স্টক দিয়ে আরও ২–৩ মিনিট রান্না করুন।
সসের মধ্যে স্টিম করা টরটেলিনি মিশিয়ে গরম গরম পরিবেশন করুন। ওপরে ছিটিয়ে দিন গুড়ো লাল মরিচ আর অরেগানো।


লেমন জিঙ্গার চিকেন যেভাবে বানাবেন, রইল রেসিপি
ঘরেই বানাতে পারেন রাশিয়ান এই খাবার
