দুপুরে বা উৎসবের আয়োজনে মাংসের একটু রাজকীয় স্বাদ পেতে চাইলে বানিয়ে ফেলুন মুঘলই বিফ কাবাব। বাদাম, পোস্ত, দই আর মসলার ঘ্রাণে ভরপুর এই কাবাব অতিথি বা পরিবারের সবার মন জয় করে নেবে সহজেই। মাংসের প্রতিটি টুকরো যেন মুখে গেলেই গলে যায়, তেমনই এক রান্না। রইল রেসিপি।
যা যা লাগবে
বাদাম (ভেজানো) ৩-৪ টেবিল চামচ, পোস্ত (খসখস, ভিজানো) ৩ টেবিল চামচ, পানি ১/৪ কাপ (যথাযথ পরিমাণে), গরুর মাংস ১ কেজি, ভাজা বেসন ১/২ কাপ, ঝরানো টকদই ১/২ কাপ, কাঁচা মরিচ বাটা ৩ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা আড়াই টেবিল চামচ, ক্রিম ১/২ কাপ, ভাজা ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া ১/২ চা-চামচ করে, এলাচ গুঁড়া ১ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ (কম বেশি করা যাবে), ভাজা জিরা গুঁড়া ২ চা-চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট ২ চা-চামচ (স্বাদমতো), গরম মসলা গুঁড়া ১/২ টেবিল চামচ, ভাজা পেঁয়াজ ১ কাপ, ধনেপাতা কুচি একমুঠো, তেল ১/২ কাপ, গোলাপের পাপড়ি ১/৪ কাপ এবং ধোঁয়া দেওয়ার জন্য কয়লা। এছাড়াও পরিবেশনের জন্য লাগবে পেঁয়াজ রিং, ধনে পাতা ও লেবুর রস।
যেভাবে তৈরি করবেন
প্রথমে বাদাম, পোস্ত ও সামান্য পানি একসাথে ব্লেন্ড করে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। আলাদা করে রাখুন।
গরুর মাংসকে বিটিয়ে নরম করে নিন। মাংস যাতে আরও নরম হয়, সে জন্য কাঁচা পেঁপে বাটা ব্যবহার করা হচ্ছে। চাইলে বেলন দিয়েও বিটাতে পারেন।
এখন একটি বড় বাটিতে মাংস রেখে তার মধ্যে একে একে দিন বেসন, বাদাম-পোস্তের পেস্ট, দই, কাঁচা মরিচ বাটা, আদা-রসুন বাটা, পেঁপে বাটা, ক্রিম, ধনে গুঁড়া, জায়ফল-জয়ত্রী-এলাচ গুঁড়া, লাল মরিচ, জিরা গুঁড়া, লবণ, গরম মসলা, ভাজা পেঁয়াজ এবং কুচানো ধনে পাতা। সব উপকরণ ভালোভাবে মেখে মিশিয়ে নিন।
একটি ছোট কড়াইতে তেল গরম করে সেটা এই মাংসের মিশ্রণের ওপরে ঢেলে দিন। এবার ধোঁয়া দেওয়ার পালা। মাংসের বাটির ওপরে একটি ছোটো স্টিলের প্লেট রাখুন। সেখানে দিন গোলাপের পাপড়ি ও জ্বলন্ত কয়লা। কয়লার ওপরে সামান্য তেল ঢেলে ঢেকে রাখুন। ৫ মিনিট পর কয়লা সরিয়ে ফেলুন। এবার এই মেরিনেট করা মাংস ঢেকে রেখে দিন অন্তত ২ ঘণ্টা।
নির্ধারিত সময় পর মিশ্রণ থেকে ছোট ছোট বল নিয়ে হাতে চেপে গোল কাবাব বানান। হালকা তেলে মাখানো প্যানে মাঝারি আঁচে ঢেকে ৪-৫ মিনিট রান্না করুন। তারপর উল্টে দিয়ে আরও ৪-৫ মিনিট রান্না করুন।
ধনেপাতা কুচি ছিটিয়ে, পেঁয়াজ রিং আর লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন মুঘলই বিফ কাবাব। পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথে চমৎকার চলে।


পোপের স্যান্ডউইচে কী আছে? ‘দ্য লিও’ এখন সবার মুখে মুখে
তিব্বত থেকে ফিলিপাইন, বিশ্বজুড়ে রয়েছে অদ্ভুত সব চায়ের কাহিনি
