এভারেস্টে বীমা জালিয়াতি

পর্বতারোহীদের অসুস্থ বানিয়ে কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলকে ঘিরে এসেছে ভয়ংকর এক প্রতারণার চিত্র। বিদেশি পর্বতারোহীদের ইচ্ছাকৃতভাবে অসুস্থ বানিয়ে হেলিকপ্টার উদ্ধার দেখিয়ে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। নেপাল পুলিশের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই প্রতারণা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং কয়েক বছর ধরে সংগঠিতভাবে পরিচালিত একটি বড় নেটওয়ার্ক। এতে জড়িত রয়েছেন ট্রেকিং গাইড, শেরপা, উদ্ধারকারী প্রতিষ্ঠানের মালিক, হেলিকপ্টার অপারেটর এবং কিছু হাসপাতালের কর্মকর্তাও।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ৪ হাজার ৭৮২ জন বিদেশি পর্বতারোহী এই প্রতারণার শিকার হয়েছেন। এই সময়ের মধ্যে ৩০০টির বেশি ভুয়া উদ্ধারকাণ্ড শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় আন্তর্জাতিক বীমা কোম্পানির কাছ থেকে প্রায় ২ কোটি ডলার আদায় করা হয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে উদ্ধারকারী কোম্পানির মালিক ও ব্যবস্থাপক রয়েছেন। তদন্ত এখনও চলমান রয়েছে। ফলে গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেপাল পুলিশের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিআইবি) জানিয়েছে, এই ধরনের প্রতারণা দেশের আন্তর্জাতিক সুনামকে ক্ষতিগ্রস্ত করছে। সংস্থাটি বলছে, দীর্ঘদিন ধরে কঠোর শাস্তির অভাবেই এমন অপরাধ বিস্তার লাভ করেছে।

তদন্তে উঠে এসেছে, প্রতারণার এই চক্রটি পর্যটকদের প্রথমে শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ করে তুলত। এর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হতো।

পর্যটকদের খাবারের সঙ্গে অতিরিক্ত বেকিং পাউডার মিশিয়ে দেওয়া হতো, যা পেটে গ্যাস ও অস্বস্তি তৈরি করে। কখনো কখনো কাঁচা বা অস্বাস্থ্যকর খাবার দেওয়া হতো, এমনকি কিছু ক্ষেত্রে ইঁদুরের বিষ্ঠা মেশানোর অভিযোগও এসেছে। আবার অতিরিক্ত পানি দিয়ে ওষুধ খাওয়ানোর মাধ্যমে শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা হতো।

এসব কারণে পর্যটকদের মধ্যে বমি ভাব, মাথা ঘোরা, শরীর ব্যথা বা দুর্বলতার মতো উপসর্গ দেখা দিত। এরপর গাইডরা তাদের বোঝাতেন, তারা উচ্চতাজনিত অসুস্থতায় ভুগছেন। যা পর্বতারোহণে একটি পরিচিত ঝুঁকি।

এই অবস্থায় দ্রুত নিচে নামার পরামর্শ দেওয়া হতো এবং ‘জরুরি’ হেলিকপ্টার উদ্ধার ব্যবস্থার কথা বলা হতো। অনেক পর্যটক পরিস্থিতির গুরুত্ব বুঝে সম্মতি দিতেন।

পুলিশ বলছে, অধিকাংশ ক্ষেত্রে এই উদ্ধার প্রয়োজনীয় ছিল না। বরং পরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করে পর্যটকদের হেলিকপ্টারে নামানো হতো।

এখানেই শেষ নয়। একই হেলিকপ্টারে একাধিক যাত্রী থাকলেও প্রতিটি যাত্রীর নামে আলাদা ফ্লাইট দেখিয়ে বিল তৈরি করা হতো। অর্থাৎ একটি যাত্রাকে কয়েকটি আলাদা উদ্ধার হিসেবে দেখিয়ে খরচ বাড়ানো হতো।

এর পাশাপাশি ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি করা হতো। কিছু হাসপাতাল নাকি এমন পর্যটকদের জন্যও ভর্তি ও চিকিৎসার কাগজপত্র তৈরি করেছে, যারা বাস্তবে কোনো চিকিৎসাই নেননি।

এই নথিপত্র ব্যবহার করে আন্তর্জাতিক ভ্রমণ বীমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করা হতো। ফলে বীমা কোম্পানিগুলো বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করতে বাধ্য হতো।

তদন্তকারীরা বলছেন, এই প্রতারণা এককভাবে পরিচালনা করা সম্ভব নয়। এতে একাধিক পক্ষের সমন্বিত ভূমিকা রয়েছে।

শেরপারা পর্যটকদের সঙ্গে সরাসরি থাকতেন এবং তাদের বিশ্বাস অর্জন করতেন। ট্রেকিং কোম্পানিগুলো পুরো সফরের ব্যবস্থাপনা করত। হেলিকপ্টার অপারেটররা উদ্ধার কার্যক্রম পরিচালনা করত। আর কিছু হাসপাতাল ভুয়া চিকিৎসা নথি সরবরাহ করত।

এই পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো ছিল, যাতে বাইরে থেকে এটি একটি বৈধ উদ্ধার অভিযান বলে মনে হয়।

এ ধরনের ভুয়া উদ্ধার চক্র এর আগেও সামনে এসেছে। ২০১৮ সালে একটি তদন্তে বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় নেপাল সরকার একটি বড় তদন্ত প্রতিবেদন তৈরি করে এবং সংস্কারের প্রতিশ্রুতি দেয়।

তবে বাস্তবে সেই সংস্কার কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এই চক্র আরও শক্তিশালী হয়ে উঠেছে।

নেপালের অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত। বিশেষ করে এভারেস্ট অঞ্চল বিশ্বজুড়ে পর্বতারোহীদের কাছে আকর্ষণের কেন্দ্র।

কিন্তু এমন প্রতারণার ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ইতিমধ্যে কিছু বীমা কোম্পানি নেপালে তাদের সেবা সীমিত বা বন্ধ করার হুমকি দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে ভবিষ্যতে পর্যটকের সংখ্যা কমে যেতে পারে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

ভ্রমণ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, নেপালে ট্রেকিং বা পর্বতারোহণের আগে নির্ভরযোগ্য ও স্বীকৃত প্রতিষ্ঠান বেছে নেওয়া জরুরি। গাইড বা কোম্পানি নির্বাচন করার সময় তাদের অতীত রেকর্ড, রিভিউ ও অনুমোদন যাচাই করা উচিত।

অন্যদিকে, অপ্রয়োজনীয়ভাবে হেলিকপ্টার উদ্ধার প্রস্তাব এলে তা নিয়ে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে দ্বিতীয় মতামত নেওয়ার কথা বলা হচ্ছে।

এই কেলেঙ্কারি বিষয়টি প্রকাশ্যে আসার পর নেপাল সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নতুন করে নজরদারি জোরদার করেছে। বিশেষ করে চলতি বসন্ত মৌসুমে, যখন পর্বতারোহণের ভিড় সবচেয়ে বেশি থাকে, তখন কঠোর নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা কমে আসবে।

নেপালের প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তার সুনাম বিশ্বজুড়ে রয়েছে। তবে কিছু অসাধু চক্রের কারণে সেই সুনাম প্রশ্নের মুখে পড়ছে। এখন দেখার বিষয়, এই কেলেঙ্কারির পর কর্তৃপক্ষ কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারে।

তথ্যসূত্র: ইনডিপেনডেন্ট

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
দেশের সব বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর