মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনো সংকটাপন্ন। তার মাথার খুলি খুলে রাখা হয়েছে। সে শ্বাস নিচ্ছে কৃত্রিমভাবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস) হাসপাতালে রাত সাড়ে ১০টার কিছু পর ভর্তি করা হয়। শিশুটিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
সংশ্লিষ্টরা জানান, গুলিবিদ্ধ হুজাইফাকে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দ্রুত আপারেশন করা হয়। গুলির কারণে তার মস্তিষ্কের একপাশে চাপ অনেক বেড়ে যায়। মস্তিষ্কের চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা হিসেবে তার মাথার খুলির ডান পাশ অপারেশন করে খুলে রাখা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নিউরোসার্জন, নিউরোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, ভাস্কুলার সার্জন, আইসিইউ স্পেশালিস্ট, এনেস্থিশিওলজিস্টসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড করা হয়। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় শিশুটিকে নিনসে শিফিট করার। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে গুলিবিদ্ধ হুজাইফাকে নিনসে আনা হয়।
হুমায়ুন কবীর হিমু জানান, বর্তমানে হুজাইফার জ্ঞানের মাত্রা ১৫-র মধ্যে ৭। মানে তার অবস্থা সংকটাপন্ন। মেকানিক্যাল ভেন্টিলেশন মানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। শিশুটি চিকিৎসায় নিনস প্রস্তুত আছে। তার চিকিৎসায় যেকোনো ব্যবস্থা নিতে নিনস প্রস্তুত।
উল্লেখ্য, গত রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা গুলিবিদ্ধ হয়। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।


চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার পরিবার
