হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেন, ‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে।’
দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনাসভায় যোগ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে পাট শিল্পে অবদান রাখায় সম্মাননা দেওয়া হয় ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র আনার ওপর জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘১ কোটি কর্মসংস্থান তৈরিতে খাতভিত্তিক কর্মসংস্থান তৈরি সরকারের প্রধান অগ্রাধিকার।’
জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশে আছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, কৃষিঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। কৃষক কার্ডের কার্যকারিতাও বর্ণনা করেন রাষ্ট্রপ্রধান।
এ সময় শিল্পকলা একাডেমিতে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।



