মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা। এর প্রভাব পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গত ২৮ ফেব্রুয়ারি থেকে একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করতে থাকে বিভিন্ন এয়ারলাইনস।
আজ রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে এখন পর্যন্ত ৯ দিনে মোট ফ্লাইট বাতিল হয়েছে ৩০০টি।
আজ বাতিলকৃত ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ২টি, জাজিরা (কুয়েত) ৪টি, কাতারের ৪টি, সংযুক্ত আরব আমিরাতের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বাংলাদেশ) ৫টি, বাহরাইনের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বাংলাদেশ) ২টি, এমিরেটস এয়ারলাইন্সের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, সৌদিয়া এয়ারলাইন্স (রিয়াদ) ২টি।
এর আগে ২৮ ফেব্রুয়ারি বাতিল করা হয় ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি ও ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।



