প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিনগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তার বিষয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে প্রায় দেড় বছর আগে। ইতোমধ্যেই ২০২৫ এর মে মাসে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ (অব.) বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিএউপি) ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৫ সালের ২২ মে শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব ওই আদেশ দেন।



