এখন থেকে গুমকেও মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হবে। মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল-২০২৬ সংসদে পাস হয়েছে। মঙ্গলবার সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
সংশোধিত আইন অনুযায়ী, ন্যায়বিচার নিশ্চিতে গুমের শিকার ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারে আনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে ১৯৭৩ সালের মূল আইনে গুমের বিষয়টি সরাসরি অন্তর্ভুক্ত ছিল না। এখন থেকে এটি এই সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হলো।
এ সময় আইনমন্ত্রী বলেন, ‘এই বিলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছি। গুম আগে তালিকায় ছিল না, আমরা তা অন্তর্ভুক্ত করে বিচারের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছি।’
আইনমন্ত্রী আরও বলেন, গুমের সাথে সম্পৃক্ত অপরাধীদের বিচারের আওতায় আনতে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ।



