অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষা পাওয়া মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ব্রডব্যান্ড এক্সপো মেলা ২০২৬ এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতেই প্রথমবারের মতো এই মেলার আয়োজন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
১৩ থেকে ১৫ এপ্রিল—তিন দিনব্যাপী চলবে এ আয়োজন। এবারের মেলায় রয়েছে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘ভুয়া ও বিকৃত তথ্য সমাজ, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় কাঠামো সব ক্ষেত্রেই মারাত্মক প্রভাব ফেলতে পারে।’
আধুনিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে নীতিনির্ধারণ, কর কাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতাকেই প্রধান চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রযুক্তির অগ্রযাত্রায় এখন সবচেয়ে বড় লড়াই তথ্যের সত্যতা রক্ষা করা।’
এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সাধারণ গ্রাহকরা যেন আরও বেশি সুবিধা পায় সেই লক্ষে, তথ্য ও প্রযুক্তি খাতে আগামী ৫ বছরে বাংলাদেশকে এগিয়ে নিতে, সংযোগ ব্যবস্থার উন্নয়ন, এক নাগরিক এক পরিচয়, একক ডিজিটাল ওয়ালেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনের উপর কাজ করবে সরকার।



