সরকারের উদ্যোগ ও নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের চাহিদা এবং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী ১ জুলাই ২০২৬ থেকে এ রুটে ফ্লাইট পুনরায় চালু করা হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে, যা প্রতি শনিবার ও মঙ্গলবার চলাচল করবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারে যাতায়াত করবে।
ফ্লাইট সময়সূচি:
ঢাকা থেকে ছেড়ে যাবে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে; সিলেট থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে; ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে।
ম্যানচেস্টার থেকে ছেড়ে যাবে স্থানীয় সময় রাত ৯টায়; সিলেট পৌঁছাবে পরদিন সকাল ১১টা ৫০ মিনিটে; ঢাকা পৌঁছাবে দুপুর ১টা ৩০ মিনিটে।
উল্লেখ্য, যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সীমিত উড়োজাহাজ বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে গত ১ মার্চ ২০২৬ থেকে এ রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
সরকারের দিকনির্দেশনা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনরায় এ আন্তর্জাতিক রুট চালু করছে। এর ফলে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
টিকিট বুকিং ও ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান সেলস সেন্টার, আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সি, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।



