পুলিশের কেউ গোপনে ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তিকে পুলিশের কেউ কেউ গোপনে সংবাদ দিয়ে বা অন্যভাবে সহযোগিতা করছে বলে তথ্য রয়েছে। পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করা, দায়িত্বে অবহেলা করার ঘটনাও আছে। ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশ সদস্যদের সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে। তবে কেউ যদি গোপনে সংবাদ সংগ্রহ করে পলাতক ফ্যাসিবাদীদের সরবরাহ করে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জনগণ পুলিশকে রাজা-বাদশাহর মতো দেখতে চায় না। জনবান্ধব পুলিশ দেখতে চায়। কোনো জায়গায় গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যা জনগণের চোখে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। অধস্তনদেরও এমন আচরণের অনুমতি বা প্রশ্রয় দেওয়া যাবে না।’
বর্তমান সদস্যরা জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রয়োজনে ব্যাপক হারে শর্ট কোর্সের মাধ্যমে অফিসার নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



