ডিসেম্বরেই শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি। বাংলাদেশ-ভারতের মধ্যে আলোচনা চললেও চুক্তি নবায়ন নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
বিশেষজ্ঞদের আশঙ্কা, চুক্তি নবায়ন না হলে বছরে কৃষি, অর্থনীতি ও জীববৈচিত্র্যের অন্তত ২৫ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে। তাই নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানোর তাগিদ তাদের।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি হয়। ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় শুকনা মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি সরবরাহের কথা। চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে গঠিত হয় যৌথ কমিটি।
গত রোব ও সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয় যৌথ কমিটির ৯১তম বৈঠক। বৈঠকে ২০২৬ সালের চুক্তি বাস্তবায়ন-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হলেও চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হয়নি।
জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ৩০ বছরের গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়নের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কোনো মিরাকুলাস ঘটনা না ঘটলে এটি আর নবায়ন হবে না। এ ধরনের চুক্তির জন্য সরকারপ্রধান পর্যায়ে বৈঠক প্রয়োজন, কিন্তু সে ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সুতরাং আমরা ধরে নিতে পারি, ১২ ডিসেম্বরের পর থেকে আমাদের আর কোনো চুক্তি থাকবে না।’
চুক্তি নবায়ন না হলে তার প্রভাব শুধু পানি পাওয়া না পাওয়ায় সীমাবদ্ধ থাকবে না। বিশেষজ্ঞের শঙ্কা, চাপ পড়বে কৃষি, অর্থনীতি ও পরিবেশের ওপরও। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে লবণাক্ততা বাড়তে পারে।
পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) সাবেক মহাপরিচালক এম ইমামুল হক বলেন, ‘চুক্তিটি নবায়ন না হলে বাংলাদেশ প্রতিবছর অন্তত ২৫ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে। ক্ষতি হবে নদীকেন্দ্রিক জীববৈচিত্র্যের, ব্যয় বাড়বে কৃষির। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে বাড়বে লবণাক্ততা।’
এ অবস্থায় নতুন চুক্তি হওয়া নিয়ে শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মেয়াদ শেষ হওয়ার আগেই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
আমেরিকার কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ভূতত্ত্ব ও সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান বলেন, ‘নতুন চুক্তি করার আগ পর্যন্ত বর্তমান চুক্তিটি অন্তত এক থেকে দুই বছরের জন্য চালিয়ে যাওয়ার জন্য এমওইউ সইয়ের মতো ব্যবস্থা করার চেষ্টা করা উচিত। এ জন্য কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে।’
বিশেষজ্ঞদের মতে, সুরাহার জন্য কূটনৈতিক উদ্যোগও কার্যকর ভূমিকা রাখতে পারে।


