আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জানান, জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত দুটি উপনির্বাচনের চিত্র দেখে তাদের দল উদ্বিগ্ন। জনগণকে নিজেদের অধিকার আদায়ে আবারও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার রংপুর নগরীর মডেল কলেজ ও শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত দুটি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী সফরে রংপুরে এসে তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ, জাতি ও দ্বীনকে নিরাপদ রাখার মতো রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পারলেই সব বিভাজন দূর হবে এবং বিভিন্ন মত ও শক্তি এক অভিন্ন লক্ষ্যে মিলিত হবে। সেই লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক আচরণ পর্যন্ত সর্বত্র পরিচ্ছন্নতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
জামায়াত আমির আরও বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা এখন একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা। জনগণের অধিকার নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে আগে নিজেদের শুদ্ধ করতে হবে।’
তিনি রাজনীতিকে সংঘাত ও প্রতিহিংসার জায়গা থেকে বের করে জনগণের কল্যাণের পথে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যে রাষ্ট্রে দেশ, জাতি ও দ্বীন নিরাপদ থাকবে, আল্লাহর রহমতে সেদিন সব বিভাজন দূর হবে। বিভিন্ন স্রোত এক মোহনায় এসে মিলিত হবে। সেই লক্ষ্য অর্জনে জীবনযাপন, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন ও রাজনৈতিক আচরণ আরও পরিচ্ছন্ন হতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ বিকল্প নেতৃত্ব খুঁজছে। তাই সংগঠনের প্রতিটি কর্মীকে এমন আচরণ করতে হবে, যাতে জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারে।’



