এই ক’দিন আগেই আইফোনে এসেছে আইওএস ১৮.৩ এর পূর্ণাঙ্গ (ফাইনাল) আপডেট। এরই মধ্যে প্রযুক্তি বাজার সরগরম হয়ে উঠেছে আইওএস ১৮.৪ বেটা আপডেটের আগমন নিয়ে। অথচ এখনও আসতে বাকি ১৮.৩.১- যদিও এটি অপেক্ষাকৃত ছোট একটি আপডেট। অ্যাপল সম্পর্কিত বিষয়ের বিশ্বস্ত সূত্র হিসেবে সুপরিচিত ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যান সম্প্রতি জানিয়েছেন যে, আইওএস ১৮.৪-এর বেটা ভার্সনটি আসতে পারে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যে।
গত রবিবার (৯ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের নিয়মিত আয়োজন ‘পাওয়ার অন’ নিউজলেটারে গারম্যান আইওএস ১৮.৪ বেটা ভার্সনের আগমন সম্পর্কে এই তথ্য দিয়েছেন। উল্লেখ্য, ১৮.৪ এর পাবলিক ভার্সনটি রিলিজ পাবে আগামী এপ্রিলে।
আইওএস ১৮.৪ নিয়ে আইফোনপ্রেমীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার পেছনে মূল কারণ হচ্ছে এর মাধ্যমে আসন্ন নতুন ও উন্নত বেশ কয়েকটি ফিচার। বিশেষ করে অ্যাপলের ডিজিটাল অ্যাসিসট্যান্ট সিরি আগের চেয়ে আরও উন্নত ও স্মার্ট হতে চলেছে।
১৮.৪ আপডেটের কল্যাণে সিরি আগের চেয়ে আরও বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠবে। বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সিরি নিজে থেকেই ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করার সক্ষমতা অর্জন করবে। ফলে ডিজিটাল অ্যাসিসট্যান্ট হিসেবে সিরি আরও বেশি জীবন্ত হয়ে উঠবে আইফোন ব্যবহারকারীদের কাছে। শুধু তাই নয়, আইওএস ১৮.৪ আপডেটের মাধ্যমেই খুব সম্ভবত প্রথমবারের মতো আইফোন ব্যবহারকারীরা অন-স্ক্রিন সক্ষমতার সিরি’কে পেতে যাচ্ছে, যেটা দিয়ে অ্যাপ কন্ট্রোল করা যাবে।
সিরি’র পাশাপাশি আরও কিছু কার্যকর ও আকর্ষণীয় ফিচার উন্মোচিত হতে যাচ্ছে আইওএস ১৮.৪ আপডেটের মাধ্যমে। এর মধ্যে একটি হচ্ছে ‘প্রায়োরিটি নোটিফিকেশন’- যেখানে এআই প্রযুক্তি ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলোকে হাইলাইট করে থাকে। এছাড়া বেশ কিছু নতুন ইমোজিও ব্যবহার করা যাবে ১৮.৪ আপডেট আসার পর। সম্প্রতি ইউনিকোড কনসোর্টিয়াম বেশ কিছু নতুন ইমোজি’র ঘোষণা দিয়েছে। ফলে নতুন আপডেটের মাধ্যমে ‘ফাইট ক্লাউড’ ইমোজি অ্যাক্সেস করার সুযোগ পাবেন আইফোন ব্যবহারকারীরা।
তথ্যসূত্র: ব্লুমবার্গ, টেকরাডার



