আইফোন ১৭ সিরিজের ফোনের আগমনকে সামনে রেখে নিত্যনতুন সব তথ্য ও ছবি ফাঁসের খবর আসছে প্রযুক্তি দুনিয়ায়। এই যেমন আজ বুধবার ফাঁস হওয়া এক ছবিতে দেখা গেছে, আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটি এবার নতুন একটি রঙেও দেখা যাবে। তিনটি পরিচিত রঙের পাশাপাশি এবার মডেল দুটিতে যুক্ত হচ্ছে কমলা রঙ। এমনটাই জানিয়েছেন প্রযুক্তি পণ্য সম্পর্কিত গোপন তথ্যের পরিচিত সূত্র সনি ডিকসন।
সোশ্যাল মিডিয়া এক্সে সনি ডিকসন আজ একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিতে আইফোন ১৭ সিরিজের ভিন্ন ভিন্ন রঙের ডামি মডেল দৃশ্যমান আছে। সেখানে প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটিতে কালো, সাদা ও নীল রঙের পাশাপাশি যুক্ত হয়েছে নতুন একটি রঙ- কমলা। আইফোনের নতুন সিরিজে কমলা রঙের উপস্থিতিকে ডিকসন ‘সাহসী সংযোজন’ বলে অভিহিত করেছেন।
এছাড়া আইফোন ১৭ বেজ মডেলটিতে কালো ও সাদার পাশাপাশি আকাশী নীল ও গোলাপী রঙের দেখা মিলেছে। এয়ার মডেলটিতে শোভা পাচ্ছে কালো, সাদা, অফ হোয়াইট ও আকাশী নীল- এই চারটি রঙ।
অর্থাৎ, আইফোন ১৭ সিরিজের চারটি মডেলের (বেজ, এয়ার, প্রো ও প্রো ম্যাক্স) প্রতিটি-ই যথারীতি চারটি ভিন্ন ভিন্ন রঙে দেখা যাবে। সনি ডিকসনের শেয়ার করা ছবির ওপর ভিত্তি করেই এসব তথ্য জানা গেছে। উল্লেখ্য, আইফোন ১৭ সম্পর্কিত এমন কোনো ছবি অ্যাপলের তরফ থেকে প্রকাশ করা হয়নি। ফলে ডিকসন প্রদত্ত ছবি ও তথ্য শতভাগ সত্য এমনটা ভাবার কোনো সুযোগ নেই। আইফোন ১৭ প্রো মডেল দুটিতে নতুন রঙ হিসেবে আজ কমলা রঙের কথা জানা গেলেও ইতোপূর্বে বেশ কয়েকটি সূত্র দাবি করেছিল, নতুন রঙ হিসেবে দেখা যেতে পারে কপার। কেউ কেউ আবার প্রো ও প্রো ম্যাক্স মডেলে কপার ও কমলা রঙের মিশ্রন (ক্রস) দেখা যেতে পারে বলেও জানিয়েছে। উল্লেখ্য, এর আগে আইফোন প্রো মডেলে কমলা, কপার, বা এই দুটোর মিশ্রনে তৈরি কোনো রঙের দেখা মেলেনি।
তবে ডিকসনের শেয়ার করা ছবি ও তথ্য যদি সঠিক হয় তাহলে আইফোনপ্রেমীদের জন্য দুটি বিশেষ আকর্ষণ অপেক্ষা করে আছে। প্রথমত, প্রো মডেল দুটি’তে কমলা রঙের উপস্থিতি। আর দ্বিতীয় আকর্ষণ হচ্ছে, আইফোন ১৭ সিরিজে ‘প্লাস’ মডেলের পরিবর্তে ‘এয়ার’ মডেলের আগমন। প্রযুক্তি বিশ্বে তথ্যটি ‘ওপেন সিক্রেট’ হলেও অ্যাপলের তরফ থেকে এ সম্পর্কিত কোনো ঘোষণা না আসায় আনুষ্ঠানিক বৈধতা পাচ্ছে আলট্রা-স্লিম মডেল আইফোন ১৭ এয়ার।
আসছে সেপ্টেম্বরে উন্মোচিত হতে পারে আইফোন ১৭ সিরিজ। অ্যাপলের তরফ থেকে উন্মোচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও, গত কয়েক বছর ধরে সেপ্টেম্বরেই নতুন সিরিজের আইফোন নিয়ে আসছে অ্যাপল। এবারে তার ব্যতিক্রম হবে, এমন সম্ভাবনা কমই।
তথ্যসূত্র: ম্যাশেবল



