ইতালিয়ান সিরি আ-তে গতকাল পারমার মাঠে খেলেছে জেনোয়া। আন্দ্রেয়া পিনামন্তির গোলে ১-০ ব্যবধানে ম্যাচটা জেনোয়াই জিতেছে। এ ম্যাচের খবর আর ওই দুই দলের সমর্থক ছাড়া ইতালির বাইরে কজনই-বা রাখতে যান!
কিন্তু এ ম্যাচই কাল শিরোনামে জায়গা করে নিয়েছে। এ ম্যাচ দিয়েই যে ইতালিয়ান লিগে চার বছর পর ফিরেছেন খেয়ালি চরিত্র হিসেবে ফুটবলে খ্যাতি পেয়ে যাওয়া মারিও বালোতেল্লি। তবে এতদিন পর ফিরেও বালোতেল্লি বুঝিয়েছেন, তিনি একটুও বদলাননি। মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই ফাউল করে হলুদ কার্ড দেখেছেন!
ক্যারিয়ারের শুরুতে ইন্তের মিলান, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, লিভারপুলে খেলার দিনগুলোতে বালোতেল্লির প্রতিভা নিয়ে সংশয় সামান্যই ছিল, তবে যা নিয়ে এর চেয়েও বেশি নিশ্চিত ছিল সবাই তা হলো বালোতেল্লির খেয়ালি আচরণ। মাঠে-মাঠের বাইরে বালোতেল্লি কখন কোন ঝামেলা পাকিয়ে বসেন, তার ঠিক ছিল না। প্রশ্নও উঠে যেত, বালোতেল্লি কখনো ভালো হবেন না?
বালোতেল্লি ভালো হননি, ক্যারিয়ারেও পিছিয়েছেন। মাঝে ফ্রান্সের নিস আর মার্শেইয়ে খেলে ইতালিতে তাঁর শহরের ক্লাব ব্রেসিয়ার পর মোনসাতেও খেলেছিলেন কিছুদিন। কোথাও থিতু হতে পারেননি। গত চার বছরে তুরস্কের আদানা দেমিরস্পরে দুই দফার মাঝে খেলেছেন সুইজারল্যান্ডের সিওনে। গত মৌসুমের শেষে দেমিরস্পরে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আর কোনো ক্লাবে যাওয়া হয়নি। বয়সও এতদিনে গড়াতে গড়াতে হয়ে গেছে ৩৪। বালোতেল্লিকে ইউরোপের সেরা লিগগুলোর কোনোটিতে দেখার সম্ভাবনার কথাই হয়তো কেউ ভাবেননি।
কিন্তু সিরি আ-তে ধুঁকতে থাকা জেনোয়ার সঙ্গে গত সপ্তাহে চুক্তি করেন বালোতেল্লি, ‘ফ্রি এজেন্ট’ হওয়ায় মৌসুমের মাঝপথে চুক্তি করতে কোনো সমস্যাও ছিল না। এরপর গতকাল মাঠে নেমেছেন বালোতেল্লি। নেমেছেন ৮৬ মিনিটের সময়, ততক্ষণে জেনোয়া ১-০ গোলে এগিয়ে। মাঠে নামার পর বল পায়ে তেমন কিছু আর করা হয়নি বালোতেল্লির। কিন্তু তাঁর শিরোনামে আসতে শুধু বল পায়েই কিছু করার হিসাবই-বা কবে ছিল!



