‘আমাদের লক্ষ্য দলটাকে আরও শক্তিশালী করে তোলা, রেক্সহাম এফসিকে প্রিমিয়ার লিগের দল হিসেবে প্রতিষ্ঠিত করা। উন্নত স্টেডিয়ামে দর্শক সংখ্যা বাড়িয়ে তোলার মাধ্যমে রেক্সহামের বৃহত্তর সমর্থকগোষ্ঠীর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা।’
২০২১ সালে ইংলিশ ক্লাব রেক্সহামের মালিকানা নেওয়ার পর সমর্থকদের আশ্বস্ত করতে ক্লাবের পক্ষ থেকে এই বিবৃতি দিয়েছিলেন নতুন দুই মালিক রব ম্যাকেলহেনি ও রায়ান রেনল্ডস। নাম দুটো দেখে পরিচিত লাগতে পারে। সে প্রসঙ্গে পরে আসা যাক।
সেই সময়টাতে দাঁড়িয়ে তাঁদের এমন লক্ষ্য নিতান্তই আকাশকুসুম বলেই মনে হয়েছিল! বিশ্বের সবচেয়ে প্রাচীন তিন ফুটবল ক্লাবের একটি রেক্সহাম যে তখন ন্যাশনাল লিগে খেলে। ইংল্যান্ডের চার শীর্ষস্তরের বাইরের এ লিগ পেশাদার তকমা পাওয়ারও যোগ্য না। ২০০৮ সালের পর থেকে যে দল চতুর্থ স্তরেও খেলতে পারছে না, তারাই কি না প্রিমিয়ার লিগ খেলার স্বপ্ন দেখে!
চার বছর আগে সেটা অসম্ভব মনে হলেও স্বপ্ন পূরণের পথে আর মাত্র এক ধাপ বাকি রেক্সহামের। গত তিন বছরে এমনভাবে একের পর এক স্তর পেরিয়েছে ক্লাবটি, মনে হতে পারে বোধহয় ভিডিও গেমের ক্যারিয়ার মুড। প্রথমে ন্যাশনাল লিগে রেকর্ড গড়ে লিগ টুতে, এরপর তৃতীয় স্তর লিগ ওয়ানে, আর সেখান থেকে গতকাল শনিবার রাতে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে খেলার টিকিট পাকা করেছে রেক্সহাম।
রেক্সহাম যে পরের মৌসুমে চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে, সেটা প্রায় নিশ্চিতই ছিল। বিশেষ করে একদিন আগে লেটন অরিয়েন্টের কাছে ওয়েকম্ব ওয়ান্ডারার্স ১-০ ব্যবধানে হেরে গেলে রেক্সহামের পথটা আরও পরিষ্কার হয়ে যায়। ওয়েলসের সবচেয়ে পুরোনো ক্লাবের সামনে সমীকরণ- পরের ম্যাচে চার্লটনকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত। অর্থাৎ পরের মৌসুমে চ্যাম্পিয়নশিপের জায়গাটাও পাকা হয়ে যাবে।
অপেক্ষার প্রহর বাড়ায়নি রেক্সহাম। গতকাল রাতে চার্লটনকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নশিপের টিকিট নিয়ে নিল দলটি।
রেক্সহামের অবিশ্বাস্য উত্থানের শুরুটা হলো কীভাবে?
এখানে জড়িয়ে আছে জনপ্রিয় টেলিভিশন সিরিজ মিথিক কোয়েস্টের নাম। কমেডি এ সিরিজের চিত্রনাট্যকার হিসেবে কাজ করার সময় সিরিজের সহ-অভিনেতা ম্যাকেলহেনির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে হামফ্রে কেরের।
ফিলাডেলফিয়ায় জন্ম নেওয়া ম্যাকেলহেনির ফুটবল নিয়ে তুমুল আগ্রহ। আর আগ্রহ থেকেই করোনা ভাইরাস মহামারির সময় বন্ধু কেরকে একটা দায়িত্ব দেন। একটা ফুটবল ক্লাব খুঁজে বের করতে বলেন, যেখানে বিনিয়োগ করা যাবে। শুরুতে হার্টলেপুল, আল্ডেরশট, কার্লিসলে এবং শ্যামরক রোভার্সের মতো ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করেন কের। কিন্তু সে আলোচনা বেশিদূর গড়ায়নি।
কের যখন ক্লাব খুঁজে চলছেন, এ সময় তাঁর সঙ্গে যুক্ত হন হলিউড তারকা রায়ান রেনল্ডস। সে সম্পর্কের শুরুটা হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে। ‘ইটস অলওয়েজ সানি ইন ফিলাডেলফিয়া’সিরিজে ম্যাকেলহেনির অভিনয় দেখে মুগ্ধ হয়ে ইনস্টাগ্রামে প্রশংসা করেছিলেন রেনল্ডস। সেখান থেকে রেনল্ডস-ম্যাকেলহেনি জুটির গল্প শুরু, আর বাকিটা তো ইতিহাস!

রেক্সহামের খোঁজ বের করেন কের। নানান প্রতিবন্ধকতা কাটিয়ে ২০২১ সালে ক্লাবটির মালিকানা বুঝে নেন রেনল্ডস আর ম্যাকেলহেনি। আর কেরকে বানিয়ে দেন ক্লাবের ডিরেক্টর। সমর্থকদের আস্থা আদায়ে ক্লাব কেনার পরই তাৎক্ষণিকভাবে ২০ লাখ পাউন্ড বিনিয়োগ করেন তারা। সেটার ফল তো এখন চোখের সামনেই।
চার্লটনের বিপক্ষে ম্যাচের আগে বিসিবির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কের বলেছেন, ‘আমাদের ফুটবল ব্যবস্থায় একটা বিষয় আছে- আপনি চূড়া থেকে একদম তলানিতে নেমে যেতে পারেন, আবার তলানি থেকে শীর্ষেও উঠতে পারেন। আমেরিকানদের কাছে এটা পুরোপুরি অপরিচিত হলেও তারা (রেনল্ডস ও ম্যাকেলহেনি) এটা ভালোভাবেই বুঝতে পেরেছেন। আমেরিকায় এটা অনেকটা ক্লোজ সার্কিট সিস্টেমের মতো- সবার জন্য উন্মুক্ত নয়।’
তরতরিয়ে একের পর এক ধাপ পেরিয়েছে রেক্সহাম। ক্লাবের মালিকানা বুঝে নেওয়ার পাঁচ মাসের মাথায় কোচ হিসেবে নিয়োগ পান ফিল পার্কিনসন। নতুন কোচের অধীনে রেক্সহাম এতটাই দুর্দান্ত খেলতে থাকে যে, পরের চার মৌসুমে রেক্সহাম কখনো লিগের দ্বিতীয় স্থানের নিচে থেমে মৌসুম শেষ করেনি।
যদিও পার্কিনসন দায়িত্ব নেওয়ার পর অভিষেক (২০২১-২২) মৌসুমে গ্রিমসবাই টাউনের বিপক্ষে হেরে নর্থ ওয়েলসের একটি টুর্নামেন্টের প্লে-অফের সেমিফাইনাল বিদায় নেয় রেক্সহাম। তবে পরের মৌসুমে অবিশ্বাস্য সাফল্যের দেখা পায় পার্কিনসনের দল। ন্যাশনাল লিগে মৌসুম শেষ করে রেকর্ড ১১১ পয়েন্ট নিয়ে। এতে লিগ শিরোপা তো জিতেছেও, পাশাপাশি ১৫ বছর পর নন-লিগ থেকে লিগেও খেলার যোগ্যতা অর্জন করে রেক্সহাম।
চতুর্থ স্তরের লিগ টুতে ফিরেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে রেক্সহাম। ২০২৩-২০২৪ মৌসুমে লিগের ৪৬ ম্যাচের ২৬টিতেই জিতে দ্বিতীয় স্থান নিশ্চিত করে। এতে সুযোগ মেলে লিগ ওয়ানে (তৃতীয় স্তরের লিগ) খেলার। আর চলতি মৌসুমে লিগ ওয়ানে খেলে গতকাল জায়গা নিশ্চিত করল চ্যাম্পিয়নশিপের (দ্বিতীয় স্তর)।
পরপর তিন মৌসুমে একটার পর একটা ধাপ অতিক্রম- ইংল্যান্ডের ইতিহাসে আর কোনো ক্লাব এ কীর্তি গড়তে পারেনি। অবিশ্বাস্য এ কীর্তি গড়ার পর আনন্দে ভাসলেও নিজেদের লক্ষ্যের কথা মনে করিয়ে দিয়েছেন রেনল্ডস। ডেডপুল খ্যাত এ অভিনেতা বলেছেন, ‘আমাদের লক্ষ্য (আরেক ধাপ এগিয়ে) প্রিমিয়ার লিগ খেলা। (২০২১ সালে যখন ক্লাবটি কিনেছিলাম) তখন এটাকে অসম্ভব স্বপ্নই মনে হয়েছিল। কিন্তু একজন স্টোরি টেলার হিসেবে আপনি ইতিহাসকে যতটা সম্ভব বড় করেই দেখার চেষ্টাই করবেন।’
মালিকদের আরেকজন ম্যাকেলহেনি বলেছেন, ‘রায়ান (রেনল্ডস) ও আমার কাজটা পৃথিবীর সবচেয়ে সহজ। আমরা শুধু বসে বসে অবিশ্বাস্য এ ফুটবল দল ও স্টাফদের দেখি।’



