ফুটবল বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনা নাকি স্পেন, শেষ হাসি কার?

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম

রোববার (১৯ জুলাই) আমেরিকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে ফুটবলের বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াই। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপ সেরা লুইস দে লা ফুয়েন্তের অপ্রতিরোধ্য স্পেন। 

বিশ্বকাপের ফাইনালে একদিকে থাকছে লিওনেল মেসির ক্যারিয়ারের মহাকাব্যিক এক সমাপ্তির হাতছানি, অন্যদিকে স্প্যানিশদের নতুন সোনালী প্রজন্মের রাজত্ব শুরুর গল্প। এই গল্পে যেমন আছে মেসি-ইয়ামাল দ্বৈরথ, তেমনি আছে কৌশলের লড়াই, আবেগ, আর হার-না-মানা মানসিকতার প্রদর্শনী। 

কিন্তু দিনশেষে বহুল-আরাধ্য সোনালী ট্রফিটা উঠবে যেকোনো একটি দলের হাতেই। একটি দলই রোববার উল্লাসে মাতবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। কোটি টাকার প্রশ্নটা এখানেই, শেষ হাসি কে হাসবে, আর্জেন্টিনা নাকি স্পেন? চলুন আলোচনায় যাওয়া যাক।

ফাইনালের পথটা কার, কেমন ছিল?

পরিসংখ্যানের দিকে তাকালে এবারের ফাইনালে দুই দলের পৌঁছানোর গল্পটা সম্পূর্ণ ভিন্ন। স্পেন ফাইনালে এসেছে দাপট দেখিয়ে। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে ড্র করে শুরুটা ভালো না হলেও পরবর্তীতে উরুগুয়ে ও সৌদি আরবকে হারিয়ে গ্রুপে শীর্ষে থেকেই নকআউটে এসেছে লা রোহারা। 

নকআউটে অস্ট্রিয়া, পর্তুগাল ও বেলজিয়ামকে বিদায় করার পর সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশরা প্রমাণ করেছে, কেন তারা এই টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র একটি। 

অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে এসেছে খাদের কিনারা থেকে বারবার ঘুরে দাঁড়িয়ে। নকআউটে কেপ ভার্দের সাথে অতিরিক্ত সময়ে গিয়ে জয় তুলে নেওয়া, মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফিরে আসা, আর সেমিফাইনালে ইংল্যান্ডের মুখ থেকে রীতিমতো জয় ছিনিয়ে আনা- আর্জেন্টিনা মানেই স্নায়ুচাপ, আর্জেন্টিনা মানেই ম্যাচে শেষ মুহূর্তের জাদু। বিশ্বকাপের এবারের আসরে তাঁদের করা ১৯টি গোলের ১২টিই এসেছে ৭৫ মিনিটের পর।

মাঠের কৌশলেই ফাইনালের ভাগ্য নির্ধারণ?

এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ফাইনালে মাঠের কৌশলে ঠিক কোথায়, কীভাবে নির্ধারিত হতে পারে জয়-পরাজয়? মূলত তিনটি ট্যাকটিক্যাল বিষয়ের ওপর নির্ভর করছে ম্যাচে কোন দল, কীভাবে জিতবে, আর কোথায় হারবে।  

প্রথমত, স্পেনের হাই-প্রেসের বিপরীতে আর্জেন্টিনার ডিফেন্সিভ রেজিলিয়েন্স। এই টুর্নামেন্টে হাই-প্রেসিং করে খেলা সবচেয়ে কার্যকর ও ভয়ংকর দল হচ্ছে স্পেন। হাই-প্রেসিং ফুটবল খেলে তাঁরা প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে সক্ষম। তবে আর্জেন্টিনার জন্য স্বস্তির জায়গা হলো, স্পেন বল কেড়ে নেওয়ার পর খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে যায় না। এই টুর্নামেন্টে প্রতি ম্যাচে গড়ে তাঁরা মাত্র ১ দশমিক ৯ বার, অর্থাৎ ২ বারেরও কম, ডিরেক্ট কাউন্টার অ্যাটাকে আক্রমণে উঠেছে। 

স্পেন সাধারণত বলের পজেশন ধরে রেখে সময় নিয়ে গুছিয়ে আক্রমণে উঠতে ভালোবাসে। আর্জেন্টিনা যদি প্রথমার্ধে স্পেনের এই শ্বাসরুদ্ধকর হাই-প্রেস সামলে নিতে পারে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার হাতে চলে আসবে। কেননা এবারের বিশ্বকাপে সবচেয়ে নিখুঁত পাস খেলার রেকর্ড আর্জেন্টিনারই। তাঁদের বাড়ানো পাসের ৯০ দশমিক ৫ শতাংশই ছিল নিখুঁত।

মাঝমাঠে রদ্রি-মেসির লড়াই

তবে ফাইনালে সবচেয়ে বড় ট্যাকটিক্যাল যুদ্ধটা হবে মিডফিল্ডে। সেক্ষেত্রে মাঝমাঠে রদ্রি বনাম মেসির দ্বৈরথ ম্যাচের ভাগ্য নির্ধারণে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। ফিফার তথ্য অনুযায়ী, এই টুর্নামেন্টে চাপের মুখে সবচেয়ে বেশি সফল পাস খেলা মিডফিল্ডার হচ্ছেন রদ্রি। প্রেশার সিচুয়েশনে তিনি প্রতি ম্যাচে গড়ে ৪৭টি সফল পাস দিয়েছেন। 

আর্জেন্টিনা সাধারণত মাঝমাঠ দিয়ে আক্রমণে উঠতে পছন্দ করে। কিন্তু এক্ষেত্রে রদ্রি দেয়াল হয়ে দাঁড়াতে পারেন এবং মেসিকে নিচে নেমে খেলতে বাধ্য করতে পারেন। আর ৩৯ বছর বয়সী মেসি যদি মাঝমাঠে আটকে যান, তবে আর্জেন্টিনার আক্রমণভাগ খেই হারাতে পারে।

উইং-প্লেতে বাজিমাত করবেন কে, মেসি না ইয়ামাল?

দুই উইং দিয়ে কোন দল কেমন খেলবে- সেটাও ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারে। স্পেনের সবচেয়ে বড় শক্তি ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল, যিনি রাইট উইং দিয়ে ওপরে উঠে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙ্গে দেওয়ার ক্ষমতা রাখেন। আর তাই আর্জেন্টিনার লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো ফাইনালে ইয়ামালকে কতটা বোতলবন্দি করে রাখতে পারেন, তার ওপর স্পেনের আক্রমণ অনেকাংশে নির্ভর করবে। 

অন্যদিকে, মেসিও রাইট উইং থেকে ভেতরে ঢুকে চ্যানেলে বিপজ্জনক থ্রু-বল বাড়াতে পারেন,  আবার বক্সের বাইরে থেকে বাঁ পায়ে বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করতে পারেন। উইংয়ে এই দুই জাদুকরের লড়াইয়ে যে জিতবে, শিরোপা তাঁর হাতে যাওয়ার সম্ভাবনাই বেশি।

দুই দলের এক্স-ফ্যাক্টর

বিশ্বকাপ ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন দুই দলের দুই এক্স-ফ্যাক্টর। আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় রহস্য হলো মেসির ‘ওয়াকিং ফুটবল’। মেসি মাঠের ৬৪ শতাংশ সময় স্রেফ হেঁটে পার করেন। এটা তার অলসতা নয়, বরং প্রতিপক্ষকে বিভ্রান্ত করার কৌশল। হাঁটার সময়েও তিনি মাঠের চারপাশে ৩৬০ ডিগ্রি নজর রাখেন এবং সঠিক মুহূর্তে খোলস ছেড়ে বেরিয়ে এসে দুর্দান্ত একটি পাস, ক্রস কিংবা স্প্রিন্টে ম্যাচে পার্থক্য গড়ে দেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার ১০টি সফল টেক-অনই এর প্রমাণ দেয়। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮টি গোল আর ৪টি অ্যাসিস্ট নিয়ে তিনিই আর্জেন্টিনার আক্রমণের প্রধান কাণ্ডারি।

স্পেনের এক্স-ফ্যাক্টর হচ্ছে তাদের ডিফেন্স। এবারের বিশ্বকাপে তাঁদের গোল হজম করার প্রবণতা (এক্সপেকটেড গোলস অ্যাগেইন্সট্‌) হচ্ছে মাত্র শূন্য দশমিক ৩ (০.৩), যা বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন। এবারের আসরে বেলজিয়ামের বিপক্ষে একটি গোল ছাড়া আর কোনো ম্যাচেই তাঁরা গোল হজম করেনি। 

শুধু তাই নয়, এই টুর্নামেন্টে প্রতিপক্ষ দলগুলো স্পেনের বিপক্ষে প্রতি ম্যাচে গড়ে লক্ষ্যে শট রাখতে পেরেছে ২টিরও কম (১ দশমিক ১৭টি)। স্প্যানিশদের এই দুর্ভেদ্য রক্ষণই শিরোপা জয়ের পথে তাঁদের অন্যতম বড় শক্তি। 

শেষ হাসি কার?

ইতিহাসের খেরোরখাতায় দুই দলের রেকর্ড একদম সমান। ১৪ বার মুখোমুখি হয়ে দু’দলই জিতেছে ৬ বার করে। তবে রোববারের ফাইনালের পর এই সমীকরণ বদলে যাবে। প্রশ্ন হচ্ছে, মেসি কি পারবেন বিশ্বকাপে তাঁর সম্ভাব্য শেষ ম্যাচে আরও একবার বিশ্বজয় করে অমরত্বের চূড়ায় বসতে? নাকি লামিন ইয়ামাল ফুটবল বিশ্বে এক নতুন স্প্যানিশ সাম্রাজ্যের ঘোষণা দেবেন? উত্তরটা জানতে আর মাত্র দু’দিনের অপেক্ষা।

আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল খেললেও, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশ। এ আয়োজন থেকে উপার্জিত অর্থের ভাগ পায় বাংলাদেশও। এবার অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া...
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের দাবি
সবাই যখন শিরোপা নির্ধারণী ম্যাচের অপেক্ষায়, ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এখনো পড়ে আছে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে। দ্য টেলিগ্রাফ তো আরও এককাঠি সরেস। ওই সেমিফাইনালে আর্জেন্টিনা কোন কৌশল অবলম্বন...
তবে ব্যক্তিগত পারফরম্যান্সে মেসি যা করেছেন, তাতে দৌড়ে মেসির ধারে কাছেও কেউ নেই। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল, দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট, সর্বোচ্চ চান্স ক্রিয়েট, সর্বোচ্চ ড্রিবল, সর্বোচ্চ শট- এর...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর