পার্কে শিশুদের খেলার জায়গায় একটি বেঞ্চে বসে কান্না করায় জরিমানা করা হয়েছে এক নারীকে। রীতিমতো তাঁকে গুনতে হয়েছে ২৫ ইউরো বা প্রায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা। ঘটনাটি জার্মানির গেলজেনকির্শেন শহরের।
জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর এ ঘটনা ঘটে। ৩১ বছর বয়সী ওই নারীর নাম হ্যানা। পড়াশোনা ও আর্থিক সংকট নিয়ে চরম মানসিক চাপে ছিলেন তিনি। কিছুটা স্বস্তি পেতে হাঁটতে বের হয়েছিলেন। একপর্যায়ে একটি শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে এক স্বজনের সঙ্গে ফোনে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন।
হ্যানা জানান, সে সময় তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন। পড়াশোনা ও আর্থিক বিষয় নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল তাঁর। তাই কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলেন।
কিন্তু কিছুক্ষণ পরই তাঁর কাছে আসেন পৌরসভার তিন কর্মকর্তা। তাঁরা জানতে চান, দোলনায় খেলতে থাকা দুটি ছেলে তাঁর সন্তান কি না। হ্যানা জানান, ছেলেগুলো তাঁর সন্তান নয়। এরপরই তাঁকে ২৫ ইউরো জরিমানা করা হয়।
গেলজেনকির্শেন শহরের পৌর আইন অনুযায়ী, শিশুদের খেলার মাঠ কেবল ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সংরক্ষিত। কোনো শিশু সঙ্গে না থাকলে মা-বাবা কিংবা অভিভাবকসহ অন্য প্রাপ্তবয়স্কদেরও সেখানে অবস্থান করার অনুমতি নেই।
এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন হ্যানা। তাঁর প্রশ্ন, ‘মানবিকতা কোথায়? কাউকে কাঁদতে দেখলে প্রথমেই কি জিজ্ঞেস করা যায় না, আপনি ঠিক আছেন তো? কোনো সাহায্য লাগবে কিনা? এরপর তাঁকে বোঝানো যেত যে শিশু ছাড়া সেখানে বসে থাকা নিষেধ।’
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারাও পৌর কর্মকর্তাদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন। এক ব্যক্তি বলেন, ‘একজন নারী একটু বিশ্রাম নিতে চেয়েছেন, এ জন্য তাঁকে জরিমানা করা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে।’
৬৪ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন জানিয়ে এক নারী বলেন, ‘আমি সব সময় এই বেঞ্চে বসেছি। কখনো কেউ এসে আমাকে এভাবে জিজ্ঞাসাবাদ করেনি।’ আরেক বাসিন্দা ঘটনাটিকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন।
তবে পৌর কর্তৃপক্ষ কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। শহর কাউন্সিলের সদস্য সিমন নোভাক (সিডিইউ) বলেন, ‘শিশুদের খেলার মাঠ শিশুদের জন্যই। তাই সেখানে শিশু ছাড়া প্রাপ্তবয়স্কদের অবস্থান সাধারণত নিষিদ্ধ।’ পৌর কর্তৃপক্ষের দাবি, খেলার মাঠের অননুমোদিত ব্যবহার বন্ধ এবং শিশু অপহরণের ঝুঁকি কমাতেই এ ধরনের জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে শিশু ছাড়া খেলার মাঠে প্রবেশ কিংবা বেঞ্চে বসার মতো কর্মকাণ্ডের জরিমানা বাড়ানোর প্রস্তাব নিয়েও আলোচনা করছে শহর কাউন্সিল। বর্তমানে এ অপরাধে সর্বোচ্চ ৫৫ ইউরো বা সাড়ে ৭ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। প্রস্তাবটি পাস হলে জরিমানার পরিমাণ বেড়ে ৬০ ইউরো বা ৮ হাজার টাকার বেশি হতে পারে।


