পার্লামেন্টে বসে মোবাইলে তাস খেলার অভিযোগ উঠেছে ভারতের মহারাষ্ট্রের এক মন্ত্রীর বিরুদ্ধে। তবে, ওই মন্ত্রী বলছেন, এসব তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। বিরোধীরা তাঁকে নিয়ে বাজে সব ধারণা ছড়িয়ে দিতে চায়। এ ছাড়া এই ভিডিও অসম্পূর্ণ বলেও দাবি করেন মানিকরাও কোকাটে নামের মহারাষ্ট্রের ওই কৃষিমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পার্লামেন্টের সভায় বসে রামি খেলছেন মানিকরাও। এতে করে বিরোধীরা তাঁকে নিয়ে সমালোচনা শুরু করে।
রাজ্যের এনসিপি (শারদচন্দ্র পাওয়ার) নেতা রোহিত পাওয়ার আজ ভাইরাল ভিডিওটি ব্যবহার করে ক্ষমতাসীন জোটকে কটাক্ষ করে বলেন, ‘রাজ্যে অগণিত কৃষি সমস্যা এবং প্রতিদিন ৮ জন কৃষক আত্মহত্যার পরও কৃষিমন্ত্রীর আর কোনো কাজ নেই। মনে হচ্ছে রামি খেলার সময় আছে তার।’
এদিকে, মন্ত্রী তাঁর এ কাজের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেন, ‘যখন আমি জানি যে ক্যামেরা আছে, তখন আমি কেন সেখানে বসে খেলা খেলব? আমি এই খেলাকে এড়িয়ে যেতে চেয়েছিলাম। আমি দুবার চেষ্টা করেছিলাম, জানতাম না কীভাবে খেলা এড়িয়ে যেতে হয়। কিন্তু পরে আমি এটি এড়িয়ে গিয়েছিলাম। গেম থেকে বেরিয়ে আসি।’
তিনি বিরোধীদের বিরুদ্ধে ‘অসম্পূর্ণ ভিডিও’ ব্যবহার করে তাকে টার্গেট করার অভিযোগ করেন।
এই নেতা বলেন, ‘আপনি যদি পুরো ভিডিওটি দেখেন, তাহলে দেখতে পাবেন যে আমি খেলাটি এড়িয়ে গিয়েছিলাম। নিম্নকক্ষে কী ঘটছে তা দেখার জন্য আমার মোবাইল তুলেছিলাম, এবং তারপরে গেমটি আমার ফোনে ডাউনলোড হয়ে যায়। আমি এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এটি কাজ করেনি। এবং বিরোধীরা একটি অসম্পূর্ণ ভিডিওর ওপর ভিত্তি করে আমাকে টার্গেট করছে।’
এনসিপি (শারদচন্দ্র পাওয়ার) নেতা রোহিত পাওয়ার এক্সে লেখেন, ‘এই বিপথগামী মন্ত্রীরা এবং সরকার কি কখনও ফসল বীমা, ঋণ মওকুফ এবং মূল্য সহায়তার দাবিতে কৃষকদের মরিয়া আবেদন শুনবে? মহারাজ, মাঝে মাঝে দরিদ্র কৃষকদের জমিতে আসুন?’



