ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা কার্যালয়ে গেরুয়া রং লেপে দিয়েছে একদল বিক্ষোভকারী। মঙ্গলবার দুপুরে গেরুয়া পাগড়ি পরে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে কয়েকজন মানুষ এই কর্মকাণ্ড করে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষুব্ধরা এ সময় পত্রিকাটির বিরুদ্ধে নানা স্লোগান দেন। পুরো সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা নিষ্ক্রিয় ছিল।
এ সময় একজন বিক্ষোভকারী বলেন, ‘পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।’
ধারণা করা হচ্ছে, গত ২১ আগস্ট পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপির প্রতিবাদ মিছিল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ার পরদিন ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতীকে গেরুয়া রঙের আধিক্য রয়েছে। হিন্দুত্ববাদের প্রতীক হিসেবেও গেরুয়া রং দেশটিতে বেশ জনপ্রিয়।
আনন্দবাজারের শিরোনামটির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নিজেও প্রতিবাদ জানিয়েছেন। গত ২৮ আগস্ট শুভেন্দু অধিকারী বলেন, ‘গেরুয়া তাণ্ডব–শিরোনাম প্রত্যাহার করতে হবে। গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেব না।’
এর পরপরই আনন্দবাজার পত্রিকার সম্পাদককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিজনক বহু পোস্ট ছড়িয়ে পড়ে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করেছিল হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন।
এ বিষয়ে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।



