ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছে বলে শঙ্কা কর্তৃপক্ষের। রয়টার্স জানিয়েছে এ খবর।
রোববার দুপুর দেড়টার দিকে ধসে পড়ে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনের আবাসিক ভবনটি। এসময় ভবনে অন্তত ৫০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটকা পড়েন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি দোকানে কেনাকাটা করছিলাম। তখন বিকট শব্দের পর হঠাৎ ভূমিকম্পের মত পুরো এলাকা কেঁপে উঠে। এরপর আমরা দৌড়ে এখানে আসি। ভবনের নিচে অনেক ছাত্র আটকা পড়েছে। আমি অন্তত চারজনকে জীবিত উদ্ধার হতে দেখেছি।
স্থানীয় কর্মকর্তারা জানান, ধসে পড়া ভবনটি একটি পেয়িং গেস্ট হাউজ ছিল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায়, বেশিরভাগ শিক্ষার্থীই ভবনটিতে অবস্থান করছিলেন।
সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছাকাছি হওয়ায় এই এলাকায় প্রচুর শিক্ষার্থীর বসবাস।
স্থানীয় সরকার প্রতিনিধি জানান, এ পর্যন্ত ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আটকে পড়াদের খুঁজতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
ভারতীয় জনতা পার্টির বিধায়ক অনিল শর্মা বলেন, কতজন আটকা পড়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে আটকে পড়াদের মধ্যে বেশিরভাগই স্থানীয় শিক্ষার্থী ছিল।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটিও খালি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট মোতায়েন হয়েছে। সহায়তা করছে দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত দল।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আটকে পড়াদের নিরাপদে উদ্ধারে চেষ্টা চলছে জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি।



