মার্কিন সামরিক বাহিনীর দাবি, কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে ‘মিত্রদের মধ্যে দৃশ্যত অসাবধানতাবশত গোলানিক্ষেপের কারণে।’
কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত এফ-১৫-ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলোকে ধসিয়ে দিয়েছে, এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঘটনাটা ঘটেছে বাংলাদেশ সময় সোমবার সকালে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘সরাসরি যুদ্ধ চলার সময়ে — যেখানে ইরানি বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সবই ছিল — সেখানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোকে ভুলবশত লক্ষ্যবস্তু বানিয়ে বসেছে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ছয়জন পাইলটের সবাই-ই নিরাপদে বের হয়ে গেছেন, তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় আছেন। কুয়েত এই ঘটনা স্বীকার করে নিয়েছে, এবং আমরা কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা ও চলমান অভিযানে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার কারণ তদন্তাধীন। এই যুদ্ধবিমানগুলো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ ছিল, যে অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি।’
এর আগে কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করে আজ সোমবার হামলা চালানোর কথা জানায় ইরানের সেনাবাহিনী। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, আজ সকালে দেশটিতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এসব যুদ্ধবিমানের আরোহীরা জীবিত আছেন বলে তখনই জানানো হয়।
রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, কুয়েতের আল জাহরা এলাকায় প্যারাসুটের মাধ্যমে অবতরণ করছেন এক পাইলট। তবে তিনি মার্কিন সেনা কিনা সে বিষয়ে তখন নিশ্চিত হওয়া যায়নি।



